ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে সোমবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফরিদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন আরো আটজন।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল পৌনে ৯টার দিকে ইলিয়টগঞ্জের দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে হোমনা থেকে কুমিল্লাগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- স্টার লাইন পরিবহনের বাস চালক ফেনীর ছাগলনাইয়া উপজেলার নয়ন (৩৮), ওই বাসের যাত্রী ছাগলনাইয়ার সালমা বেগম (২৫) ও সালমার ভাই নাসির উদ্দিন (৪২), জহির (৩০), রিয়াজ (৩২), দক্ষিণ মতের গ্রামের আব্দুল মান্নান (১৯), ফেনী সদরের আকবর হোসেন (৪০), আলম হোসেন (৩৮), ফেনীর ফুলগাজীর আবুল হাশেম (৪২), সাধনা মাহবুব (৫০), কুমিল্লার নাঙ্গলকোটের নয়নপুর গ্রামের হাবিবুর রহমান (৬০), মিনিবাসটির চালক ইউসুফ (৩৫) ও যাত্রী আব্দুর রহিম (২৫)।
আহত যাত্রী আব্দুস সামাদ, তানিয়া, ইউসুফ, ফেরদৌসি ও মুক্তিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৯টার দিকে ইলিয়টগঞ্জের দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে হোমনা থেকে কুমিল্লাগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্টার লাইনের বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়।
দিমকল কর্মী ও পুলিশ প্রায় চার ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালায় বলে জানান তিনি।
ওসি বলেন, আহত ফোরকান, শ্যামল, রেজাউল, আব্দুর রহিম, আবুল কাশেম, তাজউদ্দিন, নুরন্নবী, আব্দুর রাজ্জাক, সাদ্দাম হোসেন, রুমা ও অহিদুর রহমানকে দাউকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। দুপুর ২ টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার দুপুরে ট্রাক চাপায় দুই শিক্ষক নিহত হয়েছেন।
তারা হলেন- উপজেলার ধর্মদী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দৈনিক ভোরের ডাক এর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার সহকর্মী বেলায়েত হোসেন (৪০)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে জাহাঙ্গীর হোসেন তার সহকর্মী বেলায়েত হোসেনকে নিয়ে মটরসাইকেলে মাদ্রাসা থেকে ভাঙ্গা সদরে ফিরছিলেন। হামিরদী এলাকায় আসার পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কের ওপর পড়ে যান। পেছন থেকে আরেকটি ট্রাক তাদের দু'জনকে চাপা দেয়।
ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় বেলায়েত হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
ট্রাক দুটি এবং একটি ট্রাকের চালক খোকনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের সাধেরগড় এলাকায় সোমবার সকালে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই শিশু।
নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমিউনিটি সংগঠক মিজানুর রহমান (৪৮) ও তার ছেলে মেহরাজ (১২)।
গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানের আরেক ছেলে আনোয়ার হোসেন (১০) ও গৃহকর্মী আমেনাকে (৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, মিজানুর রহমান গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলে দুই ছেলে ও গৃহকর্মীকে নিয়ে সুবর্ণচরের কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে সাধেরগড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিজান ও তার এক ছেলে মারা যায়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পিকআপটি ভ্যান আটক করা হলেও এর চালক পলাতক।
নোয়াখালী প্রতিনিধি জানান, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী- ফেনী সড়কের শুরেগো পোল এলাকায় সোমবার ভোরে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-নাসরিন আক্তার (৩৫), তার ছেলে উদয় (১২) ও হৃদয় (৮), দেবরের মেয়ে সুমাইয়া ইসলাম (৮)।
দুর্ঘটনায় আহত হন নাসরিন আক্তারের স্বামী আমিনুল ইসলাম (৫৫) ও দেবর সফিকুল ইসলাম (৩৫)।
তারা সবাই ঢাকা থেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে শহরের মাইজদী বাজারের শমসের আলী হাজি বাড়ীতে একটি কুলখানি অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল হক।
নিহতরা ঢাকার কোন এলাকার বাসিন্দা তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।
মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এএল/টিএইচ/এসএনডি/২২১৭ ঘ.
bdnews24