ফেনী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সীমান্তে বিলোনিয়া স্থলবন্দর শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।
সোমবার সকালে ত্রিপুরার রাজ্যের বিলোনিয়ায় ফেনী চেম্বার অব কমার্স ও ত্রিপুরা চেম্বার অব কমার্সের সঙ্গে যৌথ মতবিনিময় সভা শেষে জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "শিগগিরই বিলোনিয়া স্থলবন্দর চালু হতে পারে।"
কয়েকদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে তিনি জানান।
জিতেন্দ্র চৌধুরী বলেন, "বন্দর চালু হলে এ অঞ্চলে সম্ভাবনার বিশাল দিগন্ত উম্মোচিত হবে। দুই দেশের মধ্যে বহুভাবে বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। এর উন্নয়ন ঘটাতে হবে।"
তিনি বলেন, "মনের মিল হলে মাঝখানের দেয়াল ও কাঁটাতার কোন ব্যাপার নয়।"
বিলোনিয়া শুল্ক স্টেশন কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্য বিধান সভার সদস্য বাসুদেব মজুমদার, জেলা শাসক শান্তনু দাস, বিলোনিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন খুকু ঘোষ, ত্রিপুরা চেম্বার সভাপতি এমএল দেবনাথ, বণিক সমিতি সভাপতি বিষ্ণু মজুমদার ও ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি মো. আলাউদ্দিন।
গত এক বছর ধরে বাংলাদেশ ও ভারতের বিলোনিয়া সীমান্তে স্থলবন্দর চালুর কাজ চলছে। ভারতের অংশের বিলোনিয়ায় যাবতীয় কাজ শেষ হলেও বাংলাদেশ অংশের রাস্তার কাজ এখনও শেষ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24