ঢাকা, জুলাই, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচন স্থগিত করার দাবিতে হাইকোর্টে আরেকটি রিট আবেদন হয়েছে। মঙ্গলবার এ আবেদনের ব্যাপারে আদেশ দেবে আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী গিয়াসউদ্দিন আহমেদ সোমবার এ রিট আবেদন করলে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও ফরিদ আহাম্মদের বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন।
গিয়াসউদ্দিন আহমেদ তার রিট আবেদনে স্থানীয় নির্বাচন স্থগিত করার আবেদন করেছেন। এছাড়া কমিশন ঘোষিত তফসিল কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারির আবেদন জানিয়েছেন তিনি।
আবেদনে নির্বাচন কমিশন, মন্ত্রীপরিষদ সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর পক্ষে অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম আদালতকে বলেন, "ঘোষিত তফসিল সংবিধানের ১১৯ অনুচ্ছেদের পরিপন্থী। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কাজ জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন করা। কাজেই কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল অবৈধ।"
নুরুল ইসলাম আরো বলেন, "যে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ভোটার তালিকা প্রকাশের আগে ঘোষিত এ তফসিল অবৈধ ও অসাংবিধানিক।"
নির্বাচন কমিশন গত ২০ জুন চার সিটি ও নয় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি বা তফসিল ঘোষণা করে। আগামী ৪ আগস্ট এসব এলাকায় ভোটগ্রহণ হওয়ার কথা।
এর আগে গত ১২ মে সরকার স্থানীয় সরকার নির্বাচন (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার নির্বাচন (পৌরসভা) অধ্যাদেশ জারি করে।
এর আগে গত সোমবার স্থানীয় নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা জসীমউদ্দিন সরকার। বিচারপতি ইমান আলী ও এমদাদুল হকের বেঞ্চে আগামী রোববার এ আবেদনের ওপর শুনানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৯০০ ঘ.
bdnews24