চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে দেশব্যাপী চলমান 'রোড শো' এখন চট্টগ্রামে। রোববার বিকাল সাড়ে চারটায় গাড়ি বহরটি কুমিল্লা থেকে নগরীতে প্রবেশ করে।
নগরীর জিইসি'র মোড়সহ বিভিন্ন সড়কে টানা বৃষ্টি উপেক্ষা করে বেলা একটা থেকে অপেক্ষারত কয়েক হাজার স্কুল শিক্ষার্থী রাস্তার দুপাশে দাঁড়িয়ে রোড শো'র গাড়ি বহরকে স্বাগত জানান।
এ রোড শো উপলক্ষে সোমবার সকাল সাড়ে নয়টায় এম এ আজিজ স্টেডিয়ামে 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, আলোচনা সভা, রচনা লিখন ও বিতর্ক প্রতিযোগিতা, 'সাদামনের মানুষদের' মধ্যে পুরস্কার বিতরণ, সংবাদ সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
ব্যানার, ফেস্টুন ও পতাকা দিয়ে সজ্জিত জিইসি মোড়ে গাড়ি বহরটি পৌঁছালে বৃষ্টিস্নাত এসব শিক্ষার্থীর পাশাপাশি পথচারীরাও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'আইওনা আইওনা আঁরার দেশত আইওনা...' গান গেয়ে গাড়ি বহরকে স্বাগত জানায়। এরপর গাড়ি বহরটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ আজিজ স্টেডিয়ামে প্রবেশ করে।
গাড়ি বহরটি নগরীতে দুুপুর একটায় প্রবেশের কথা থাকলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে বিকাল সাড়ে চারটায় নগরীতে ঢোকে। গুঁড়ি গুঁড়ি ও টানা বৃষ্টিতে দুপুর একটা থেকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুল শিক্ষার্থীদের এজন্য ভোগান্তির শেষ ছিল না।
চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম ও জেলা পুলিশ সুপার কামরুল হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্তাব্যক্তিরা গাড়ি বহরকে স্বাগত জানান।
এর আগে দুুপুর সাড়ে বারটায় রোড শো ফেনী হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবেশ করে। এসময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান খান গাড়ির বহরকে স্বাগত জানান।
চট্টগ্রামে অনুষ্ঠান শেষে মঙ্গলবার ৮ জুলাই সকালে রোড শো কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে 'রোড শো' নামে এ উন্নয়নমূখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ঘুরেছে রোড শো'র গাড়িবহর।
গত ৩০ মে শুরু হওয়া এ গাড়ি বহর দেশের ৫৫টি জেলা ঘুরে আগামী ১৪ জুলাই ঢাকায় ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এসকে/২০৪৩ঘ.
bdnews24