ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবছর হজের সময় হাজীদের হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৯টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।
১১টি এজেন্সির সনদ ও জামানত বাতিলের পাশাপাশি ৫১টির জামানত বাজেয়াপ্ত ও দুই বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে। সাতটি এজেন্সিকে করা হয়েছে তিরস্কার। তারা এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ পালনেচ্ছুদের পাঠাতে পারবে না।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, হাজীদের কাছ থেকে পাওয়া অভিযোগ, হজ ব্যবস্থাপনা প্রশাসনিক দলের প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫টি হজ এজেন্সিকে কারণ দর্শাতে বলা হয়। এজেন্সিগুলোর জবাব দিলে তাদের শুনানিও গ্রহণ করা হয়। এরপর গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) টাস্কফোর্স বিষয়টির অনুসন্ধান করে। তাদের সুপারিশের ভিত্তিতে ৬৯টি এজেন্সির বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে।"
সচিব জানান, এ বছর সরকার লোকজনকে হজে পাঠাতে ২৩২টি এজেন্সিকে অনুমতি দিয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ফলে লোকজনকে হজ করতে পাঠানোয় সমস্যা হবে না।
হজ পালনেচ্ছুদের টাকা জমা দেয়ার সময়সীমা সাতদিন বাড়িয়ে ১৩ জুলাই পর্যন্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আতাউর রহমান বলেন, "সরকারি ব্যবস্থাপনায় যাওয়াদের সমস্যা ও হয়রানি দূর করতে সরকার এবার প্রতি ৫০ জনের জন্য একজন করে গাইড পাঠাবে।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এফ এম আফজাল হোসেন এবং প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসএনডি/এমএইচবি/১৯১৩ ঘ.
bdnews24