ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রোববার বিচারপতি ইমান আলী ও বিচারপতি মো. ইমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা জসীমউদ্দিন সরকার।
সোমবার রিটটির ওপর শুনানি হতে পারে।
গত ২০ জুন চার সিটি করপোরেশন ও ৯ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে ১২ মে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ জারি হয়।
অধ্যাদেশ দুটিকে কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না- এ মর্মে সরকারের প্রতি রুলনিশি জারির আবেদন জানানো হয়েছে এই রিটে।
রিটে প্রধান উপদেষ্টা, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম রিটটির ওপর শুনানি করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬২২ঘ.
bdnews24