২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটির খসড়া ভোটার তালিকা প্রকাশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। রোববার সকালে জেলা নির্বাচন কার্যালয় এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। রোববার সকালে জেলা নির্বাচন কার্যালয় এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে । চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ ভোটার তালিকা প্রণয়ণের অংশ হিসাবে করপোরেশনের ৪১টি ওয়ার্ডে এ পর্যন্ত ১৫ লাখ ৬৮ হাজার ১৯১ জনকে ভোটার করা হয়েছে। এ সংখ্যা ২০০৬ সালে তৈরি বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকার ভোটারের চেয়ে এক লাখ ১৪ হাজার বেশি। বাদ পড়াদের ভোটার করার প্রক্রিয়া অব্যাহত আছে বলে এ সংখ্যা আরও বাড়তে বলেও জানান তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, ভুল সংশোধন ও আপত্তি নিস্পত্তির পর আগামী ১৯ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩০ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমে সংশোধন ও আপত্তির আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্র জমা দিতে হবে নির্বাচন কমিশনের নিয়োগকৃত সংশোধনী কর্তৃপক্ষের কাছে। উপনির্বাচন কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ কর্মকর্তার কার্যালয়ে সংশোধন ও আপত্তি নিস্পত্তি করা হবে। জেলা র্নিবাচন কর্মকর্তা দাবি করেন, করপোশেনের আওতাভুক্ত এলাকায় বানান কিংবা ছোটখাট ভুল ছাড়া ভোটার তালিকা প্রণয়ণে তেমন বড় ধরনের ভুল হয়নি। ছবির ক্ষেত্রে গুটিকয়েক অভিযোগ পেলেও তার মাত্রা ব্যাপক নয়। তিনি জানান, নগরীতে ও জেলার যে সকল উপজেলায় এখন পর্যন্ত ভোটার তালিকার কাজ শেষ হয়েছে সেগুলোতে দ্বৈত ভোটারের সংখ্যা হাতে গোনা। ডাটা এন্ট্রির ক্ষেত্রে কোথাও কোথাও দু-একটি ভুল হয়ে থাকতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে দুই জায়গায় কেউ ভোটার হয়ে থাকলে তাদের চিহ্নিত করে ২০০৭ সালের ভোটার অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, করপোরেশনসহ পুরো জেলায় এ পর্যন্ত ৪৩ লাখ ৫৩ হাজার ৫৫৯ জন ভোটার হওয়ার জন্য নিবন্ধণ কেন্দ্রে গিয়ে ছবি তুলেছেন। আর বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকা অনুযায়ী গতবার পুরো জেলায় ভোটার সংখ্যা ছিল ৪৮ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডে গত বছরের ৫ নভেম্বর থেকে ছবি তোলার কাজ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/জিএনএ/১৪৪৭ ঘ.