ফেনী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো'র গাড়িবহর এখন ফেনীতে। রোববার সকালে রোড শো'র গাড়ি বহর ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এসে পৌঁছে।
সকাল ১১টায় রোড শো'র গাড়ি বহর ফেনী এসে পৌঁছালে জেলা প্রশাসক মো. মাছুম খান বহরকে স্বাগত জানান।
পরে জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তা এবং ফেনী চেম্বার নেতাসহ বিভিন্ন ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক মো. মাছুম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক ও টিম লিডার নজরুল ইসলাম, ফেনীর পুলিশ সুপার হারুন উর রশিদ হাজারি, পৌর মেয়র নুরুল আবসার প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব প্রমুখ।
সহকারি কমিশনার (ভূমি) আমির আবদুল্লাহর পরিচালনায় এ সমাবেশ শেষে এক অনুষ্ঠানে এসএসসি'র জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষর্থীকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
দুপুর ১২টার দিকে রোড শো চট্টগ্রামের দিকে রওনা দেয়। ফেনীর মোহাম্মদ আলী থেকে লালপুল পর্যন্ত রাস্তার দু'পাশে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দাঁড়িয়ে বহরকে স্বাগত জানায় ।
এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ঘুরেছে রোড শো'র গাড়িবহর।
গত ৩০ মে শুরু হওয়া রোড শো'র গাড়ি বহর দেশের ৫৫টি জেলা ঘুরে আগামী ১৪ জুলাই ঢাকায় ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৪১০ ঘ.
bdnews24