২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুটি লাশ উদ্ধার

রাজধানীর কচুক্ষেত ও ইসলামবাগ এলাকা থেকে শনিবার আবুল খায়ের (৩৫) ও সাইফুল ইসলাম (২২) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে আবুল খায়েরকে গুলি করে ও সাইফুল ইসলামকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কচুক্ষেত ও ইসলামবাগ এলাকা থেকে শনিবার আবুল খায়ের (৩৫) ও সাইফুল ইসলাম (২২) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে আবুল খায়েরকে গুলি করে ও সাইফুল ইসলামকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৮টার দিকে পুরাতন কচুক্ষেত এলাকার একটি বাসার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পেট ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, "স্থানীয় লোকজন জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আবুল খায়ের। কিছুদিন আগে বাড়ি বিক্রি করে দিয়ে কচুক্ষেত এলাকা থেকে চলে যান তিনি।" আবুল খায়েরের বড় ভাই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ি বিক্রি করার পর আবুল খায়ের আশকোনায় একটি মেসে ভাড়া থাকতো। কখনো ফোন- ফ্যাক্সের দোকান, কখনো কাপড়ের ব্যবসা করতো সে। কিছুদিন আগে ব্যবসার জন্য আমার কাছ থেকে কিছু টাকাও নিয়েছে সে।" নজরুল ইসলাম জানান, স্থানীয় কেবল টিভির প্রোপাইটার রুস্তমের সঙ্গে আবুল খায়েরের ঘনিষ্ঠতা ছিল। পরে সম্পর্কের অবনতি ঘটে। তিনি বলেন, "রুস্তমের সহকারী সুমন, সজিব ও আরমান এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পরে।" এদিকে পুলিশ সন্ধ্যা ৭টার পর ইসলামবাগ এলাকার জাহিদ মিয়ার চামড়ার গোডাউনের গলি থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে। সাইফুলের বাড়ি লালবাগের শহীদনগর এলাকায়। বাবার নাম সাত্তার হোসেন। লালবাগ থানার উপ-পরিদর্শক দ্বীন ই আলম জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। একই থানার উপ-পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বলেন, "গত ২২ জুন লালবাগ এলাকায় রমজান আলী (২১) নামের এক যুবক খুন হয়। সেই রমজানের বাবা বদরুজ্জামান আজ সাইফুলের লাশ সনাক্ত করেছে। বদরুজ্জামান পুলিশকে বলেছেন, সাইফুলই তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর রমজানের লাশ পাওয়া যায়।" উপ-পরিদর্শক সোহরাওয়ার্দী বলেন, "এ থেকে আমরা ধারণা করছি, রমজান হত্যার জের হিসেবে সাইফুলকে খুন করা হয়েছে।" লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/২২৪০ ঘ.