চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে জাহাজ ভাঙ্গা শিল্পে কাজ করতে গিয়ে গত এক মাসে ছয়জন শ্রমিক মারা গেছে। ফলে চলতি বছরের এ পর্যন্ত নিহতের সংখ্যা হল আট। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এ পর্যন্ত কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা আয়োজিত "জাহাজ ভাঙ্গায় জীবনের ক্ষয় এবং এর থেকে উত্তরণ" শীর্ষক এক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে জাহাজ ভাঙ্গার ওপর এক তথ্যচিত্র উপস্থাপন করেন ইপসা কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন। এতে তিনি জাহাজ ভাঙ্গা শিল্পের নানা তথ্য তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দৈনিক ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দৈনিক ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান ওমর কায়সার, অধ্যাপক শফিক হায়দার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শ্রমিকদের স্বার্থ বাদ দিয়ে জাহাজ ভাঙ্গা শিল্প কখনও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়।"
জাহাজ ভাঙ্গা সংক্রান্ত বিধি ও নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শ্রমিকদের অসন্তোষের ফলে সৃষ্ট বড় ধরনের বিক্ষোভ এড়াতে শ্রমিক ও মালিকের মধ্যে একটি সমন্বয় কমিটি করা উচিত।"
এছাড়া অন্য বক্তারা জাহাজ ভাঙ্গা শ্রমিকদের দরকষাকষির মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করার পরামর্শ দেন। বর্জ্যমুক্ত জাহাজ আমদানি বাধ্যতামূলক করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সহযোগিতায় ইপসা এ সেমিনারের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24