২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে কঠোর ইসি

স্থানীয় নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলোর ম্যানেজার বা তার প্রতিনিধিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থেকে তথ্য দিতে বলেছে ইসি। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলোর ম্যানেজার বা তার প্রতিনিধিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থেকে তথ্য দিতে বলেছে ইসি। সিটি ও পৌর নির্বাচনে ঋণখেলাপিদের অযোগ্য ঘোষণার বিধান গত ৩ জুলাই ফ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ৩০টি সরকারি-বেসরকারি ব্যাংক, ৩০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১৮টি হাউজিং প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বেশকিছু প্রতিষ্ঠানে পাঠানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (নির্বাচন ও পরিকল্পনা) ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায় বলা হয়, 'এখন থেকে এক বছর সময় ধরে কেউ ঋণখেলাপি হলেই নির্বাচনের অযোগ্য বিবেচিত হবেন। এ ব্যাপারে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত থেকে ঋণখেলাপ সংক্রান্ত তথ্য রিটার্নিং অফিসারকে জানাবেন।' নির্দেশনায় আরো বলা হয়, 'আগে কোনো কারণে ঋণখেলাপির মনোনয়নপত্র একবার গৃহীত হলে এর বিরুদ্ধে পরে কেউ আপিল করতে পারত না। কিন্তু এখন সংক্ষুব্ধ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।' নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, এক্ষেত্রে ঋণখেলাপি কোনো প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হওয়ার দুই দিনের মধ্যে আপিল করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ খুরশিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনোনয়ন দাখিলের পূর্ববর্তী এক বছর সময়সীমার মধ্যে ঋণখেলাপিরা নির্বাচনের অযোগ্য হবেন। তবে গৃহঋণ ও কৃষিঋণকে এর আওতামুক্ত রাখা হয়েছে।" তিনি জানান, নতুন বিধি অনুসরণের জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের একজন উপ-সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে দেখা যেত- মনোনয়ন দাখিলের পরে যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত একদিনের মধ্যে ব্যাংক থেকে ঋণখেলাপিদের তথ্য পুরোপুরি পাওয়া যেত না। এ সময় তথ্য ঘাটতির কারণে রিটার্নিং অফিসার অনেক সময় তাদের মনোনয়নপত্রও গ্রহণ করতেন। একবার মনোনয়নপত্র গ্রহণ করা হলে সেটি বাতিলের কোনো বিধান আগে না থাকায় অনেক সময় অনিয়মের সুযোগ তৈরি হত। নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগীয় এক উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''প্রতিটি মনোনয়ন বাছাইয়ের আমরা সময় পাচ্ছি মাত্র ছয় মিনিট। এ স্বল্প সময়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত নিতে ভুল হলেও এবার পরে তা শোধরানোর সুযোগ আছে। আগামীকাল ও পরশু (রোববার ও সোমবার) মনোনয়নপত্র বাছাইয়ের সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এরপরও দু'দিন আপিলের সুযোগ থাকবে।" নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পৌর) মো. আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার ১৩টি নির্বাচনী এলাকায় মেয়র ও কাউন্সিলরের ২৭৮টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৮৬৫টি। আগামী ৪ আগস্ট চার সিটি ও নয় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/২০৪০ ঘ.