রাজশাহী, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদের কারণে সৎ রাজনীবিদরাও কলঙ্কিত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদের জন্য কলঙ্কের টিপ এখন সৎ রাজনীতিবিদদের কপালেও লেগেছে। তবে এখন তাদের আধিপত্য নেই।"
শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা) রাজশাহী মহানগর ও বৃহত্তর রাজশাহীর অঞ্চলের প্রতিনিধি সভায় এরশাদ এ কথা বলেন।
তিনি বলেন, "দেশে যারা লুটপাট করে নিজের পকেট ভরিয়েছে, বিদেশে বাড়ি করেছে- ক্ষমতায় গেলে হিসাব নিয়ে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হবে।"
দীর্ঘ দিনেও রাজশাহীতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ না করায় ক্ষোভ প্রকাশ করে এরশাদ বলেন, "জাতীয় পার্টি ক্ষমতায় গেলে গোটা উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ করে কলকারখানা গড়ে তোলা হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।"
তিনি দাবি করেন, সরকার জাতীয় পার্টির দাবি মেনে নিয়ে দুটি নির্বাচনের আয়োজন করছে।"
জাপা'র রাজশাহী মহানগর সিনিয়র সহ-সভাপতি ফয়মুদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি মেয়র প্রার্থী দুরুল হুদা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24