ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে শহরের বাটার মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে ট্রাকের চাপায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর এক সদস্য নিহত হয়েছেন। মাগুরা-যশোর সড়কের সীমাখালী বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন একজন। আহত হয়েছেন তিনজন।
আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, নিহত বিডিআর সদস্যের নাম মিজানুর রহমান (৩৬)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সমসাবাদ বালিগ্রামের আব্দুল গনি সরদারের ছেলে। তিনি জয়পুরহাট ২৯ রাইফেলস ব্যাটেলিয়নে ল্যান্সনায়েক (সিগনাল) হিসেবে কর্মরত ছিলেন।
জয়পুরহাট-২৯ ব্যাটেলিয়নের অপারেশন ইনচার্জ মেজর আবু সাঈদ খান ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানকে একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে তিনি আহত হন।
পরে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
এসআই রাশেদুল জানান, ট্রাকটি আটক করা যায়নি।
মাগুরা প্রতিনিধি জানান, সীমাখালী বাজারে ট্রাক চাপায় নিহত ব্যক্তি হলেন- রাজু আহমেদ (৩০)। তিনি মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা লক্ষণ চন্দ্র মণ্ডল।
এনজিও কর্মকর্তা জানান, যশোর থেকে মাগুরামুখী মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভট্ট দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24