২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে সচিবালয়ে হাঁটু পানি

বৃহস্পতিবার সকাল থেকে টানা তিন-চার ঘন্টা বৃষ্টির কারণে সচিবালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুরো সচিবালয়ে প্রায় আট থেকে ১০ ইঞ্চি পানি জমেছে। বিশেষ করে প্রবেশ পথ থেকে ৪ নম্বর ভবন পর্যন্ত পুরো রাস্তা এবং অন্যান্য ভবনের প্রত্যেকটির সামনেই পানি জমে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার সকাল থেকে টানা তিন-চার ঘন্টা বৃষ্টির কারণে সচিবালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুরো সচিবালয়ে প্রায় আট থেকে ১০ ইঞ্চি পানি জমেছে। বিশেষ করে প্রবেশ পথ থেকে ৪ নম্বর ভবন পর্যন্ত পুরো রাস্তা এবং অন্যান্য ভবনের প্রত্যেকটির সামনেই পানি জমে রয়েছে। সকাল থেকে টানা বৃষ্টির ফলে পানি সরতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে সচিবালয় শাখার গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী-১ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আশপাশের এলাকার তুলনায় সচিবালয় কিছুটা নিচু। সচিবালয়ের পানি দ্রুত নেমে যাওয়ার জন্য সচিবালয়ের বাইরের ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রয়েছে তার সঙ্গে সচিবালয়ের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংযোগ করে দেওয়া হয়েছে। এ কারণে সচিবালয়ে জমে থাকা পানি দ্রুত নেমে যাচ্ছে, তবে সচিবালয়ের দক্ষিণ ও পশ্চিম দিকে আব্দুল গণি রোডে জমে থাকা পানি সচিবালয়ের ভিতরে প্রবেশ করছে।" আব্দুল গণি রোডে প্রায় হাঁটু সমান পানি জমে থাকায় এ পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না বলেও তিনি জানান। মনিরুল ইসলাম আরো জানান, "গত প্রায় ৩ মাস ধরে সচিবালয়ের প্রায় সাড়ে তিনশ ফুট ড্রেন নির্মাণ ও সংস্কার করা হয়েছে। সচিবালয়ের দেড়-দুই ফুট প্রশস্ত ড্রেন ভেঙ্গে চার-পাঁচ ফুট প্রশস্ত ড্রেন করা হয়েছে। এতে দুই লাখ টাকার বেশি ব্যয় হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/কিউএইচ/এমএ/১৭৩৬ ঘ.