২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পাননি বিচারবিভাগীয় হাকিমরা, সরকার বলছে কারণ অর্থনৈতিক সংকট

বিচারবিভাগীয় হাকিমদের জন্য আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৬৮টি গাড়ির ব্যবস্থা করেনি সরকার। সরকারের আইনজীবী বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানিতে বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণেই গাড়ি বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হয়নি। তবে আদালত বলেছে, বিচার বিভাগ থেকে পাওয়া রাজস্বের একটি অংশ দিয়েই এটি করা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারবিভাগীয় হাকিমদের জন্য আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৬৮টি গাড়ির ব্যবস্থা করেনি সরকার। সরকারের আইনজীবী বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানিতে বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণেই গাড়ি বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হয়নি। তবে আদালত বলেছে, বিচার বিভাগ থেকে পাওয়া রাজস্বের একটি অংশ দিয়েই এটি করা সম্ভব। আগামী ৮ জুলাই এ বিষয়ে আদেশ দেবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার শুনানি গ্রহণ করে আদেশের তারিখ ধার্য করে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল মন্ত্রিপরিষদ বিভাগের গত ৩০ জুনের একটি চিঠি আদালতে উপস্থাপন করে বলেন, "২৮ মে আইন মন্ত্রণালয় ৬৮টি গাড়ি ও ড্রাইভারের পদ সৃজনের প্রস্তাব দেয়। এরপর গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি আলোতি হয়। ওই সভার সিদ্ধান্তে বলা হয়েছে, বিচারবিভাগীয় হাকিমদের জন্য এরই মধ্যে ৭১টি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে। দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এ পর্যায়ে হাকিমদের জন্য ৬৮টি গাড়ি ও ড্রাইভারের পদ সৃজনের যৌক্তিকতা নেই।" অ্যাটর্নি জেনারেল আরো বলেন, বিশেষ জজ হিসেবে যারা দায়িত্বপালন করছেন তারা সবাই গাড়ি পেয়েছেন। এ পর্যায়ে আদালত বলেন, জেলা জজ মর্যাদার কোনো পদের কেউ দায়িত্ব পেলে তাকেও গাড়ি দিতে হবে। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার কারণে এই মুহূর্তে গাড়ি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়নি।" আদালত বলেন, বিচার বিভাগ থেকে আসা রাজস্বের এক তৃতীয়াংশ এ বিভাগের জন্য খরচ করলেই যথেষ্ট হয়। তাছাড়া ২০০৮ সালে নতুন বাজেট হয়েছে। সেখান থেকেও গাড়ির ব্যবস্থা করতে পারে সরকার। আদালত আরো বলেন, মহেশখালীর থানা নির্বাহী কর্মকর্তা পাজেরো গাড়ি চালান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও গাড়িতে চড়েন আর প্রধান বিচার বিভাগীয় হাকিম বিচার করতে যান রিকশায় চড়ে। এতে বিচারকদের মর্যাদা খাটো করা হচ্ছে। জেলার বাইরেও বিচার বিভাগীয় হাকিমদের যেতে হয় জানিয়ে আদালত বলেন, অনেক জায়গায় জেলা শহর থেকে ৯০ মাইল দূরেও পরিদর্শনে যেতে হচ্ছে তাদের। গাড়ি না হলে ওইসব স্থানে কী করে যাওয়া সম্ভব? অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার এ বিষয়ে চেষ্টা করছে। তবে সরকারের সমস্যাও রয়েছে। বিচারবিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন, পূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়ের পাঠানো সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে গত বছর ১২ ডিসেম্বর সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এ নির্দেশ বাস্তবায়নে আদালত পরে সরকারকে বেশ কয়েক বার তাগিদও দিয়েছে। সর্বশেষ গত ২৮ মে সরকারকে তাগিদ দেওয়া হয়। সরকার এ বিষয়ে কিছু ব্যবস্থা নিলেও এখনও আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/এমএ/১৬৫০ ঘ.