ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে বুধবার সন্ধ্যায় এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা টাকা ছিনতাই করেছে। ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ দেড় লাখ বলে জানিয়েছেন আহত ব্যবসায়ী মো. নাসিরউদ্দিন (৩৫)।
নাসিরউদ্দিন মতিঝিলের ওয়েলকাম মানি এক্সঞ্জের মালিক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নাসিরউদ্দিন সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিকশায় চড়ে তিনি বাসায় ফিরছিলেন। দয়াগঞ্জ এলাকা থেকে দুটি মটরসাইকেলে চার সন্ত্রাসী তার পিছু নেয়। সূত্রাপুরের বানিয়ানগর মাঠের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা রিকশার গতিরোধ করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
নাসিরউদ্দিন এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তার বাম তলপেট এবং বাম উরুতে দুটি গুলি করে নগদ দেড় লাখ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সূত্রাপুর থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/ ২১০৩ ঘ.
bdnews24