ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা বহাল রেখে 'সম্ভবত' কোন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে এক ঘন্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন,"জরুরি অবস্থা বজায় রেখে বিশ্বাসযোগ্য নির্বাচন করা কঠিন হবে। আশা করি, সরকার যুক্তরাষ্ট্রের মনোভাব বুঝতে পারবে এবং জরুরি অবস্থা তুলে নেবে। এ ব্যাপারে উপদেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়েছি।"
মরিয়ার্টি আরো বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি অবস্থা এবং আগামী নির্বাচন বিষয়ে কথা বলেছি। আশা করছি সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির উন্নতি হবে।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সমঝোতার প্রয়োজনীয়তা এখনও রয়েছে। আমার বিশ্বাস, সরকার যে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে সমঝোতায় আসবে বলে আমরা বিশ্বাস করি।"
স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম এবং অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ
bdnews24