ঢাকা জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে মঙ্গলবার সকালে দু'টি সড়ক দুর্ঘটনায় সেনানিবাসের একজন ক্লার্ক ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক ইকবাল পাশা জানান, সকাল ৭টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকার পশ্চিম মানিকদি চানমিয়া জেনারেল স্টোরের সামনে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে (৩৫) একজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে আব্দুল মান্নান সেনানিবাসের আইইএন্ডআই শাখার ক্লার্ক। মানিকদি এলাকার বাসা থেকে তিনি অফিসে যাচ্ছিলেন।
ইকবাল পাশা জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের নম্বর জানা গেলেও সেটি আটক করা যায়নি।
রমনা থানার উপ পরিদর্শক মেহেদী মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর পুলিশ সদরদপ্তরে চিঠি আদান প্রদানের দায়িত্বে থাকা কনস্টেবল সাজ্জাদুর রহমান ভোর বেলা মটর সাইকেলে করে শেরাটন হোটেলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো ট্রাক বা বাসের ধাক্কায় তিনি নিহত হন। সাজ্জাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে জানায়।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রযেছে। সাজ্জাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজার হাট এলাকার মিরের বাড়িতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২১৫০ ঘ.
bdnews24