সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
সমিতির বর্তমান সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বাদি হয়ে মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
আসামিরা হলেন- সাবেক সভাপতি আবদুল হাই খান এবং ও সাধারণ সম্পাদক এএফ রুহুল আনাম চৌধুরী মিন্টু।
মামলার অভিযোগ করা হয়, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে আবদুল হাই খান ও রুহুল আনাম চৌধুরী মিন্টু সমিতির ১৪ লাখ ৩৬ হাজার ৬৯ টাকা ২৫ পয়সা আত্মসাৎ করেছেন। গত ৫ জুন সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই টাকা ফেরত দিতে তাদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা টাকা ফেরত দেননি।
এর আগে এ দুই জনের সমিতির সদস্য পদ বাতিল করা হয়েছে।
বাদি সরওয়ার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংগঠনের স্বার্থ বিবেচনা করে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।"
এদিকে অভিযোগ ভিত্তিহীন দাবি করে অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাসহ সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আদালতে মামলাটি ১০০ ভাগ মিথ্যা প্রমাণিত হবে। আমি আইনগতভাবে মামলা মোকাবেলা করতে প্রস্তুত আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১০৯ ঘ.
bdnews24