২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের পরিবহন ব্যয় কেজিতে সর্বোচ্চ ১৯ পয়সা বাড়তে পারে: সরকার

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চালের পরিবহন ব্যয় কেজিতে সর্বোচ্চ ১৭ থেকে ১৯ পয়সা পর্যন্ত বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চালের পরিবহন ব্যয় কেজিতে সর্বোচ্চ ১৭ থেকে ১৯ পয়সা পর্যন্ত বাড়তে পারে। প্রতি লিটার ডিজেলের পুনর্র্নিধারিত দাম ৫৫ টাকার হিসাবে রাজশাহী ও দিনাজপুর থেকে ঢাকায় চাল পরিবহনে ভাড়া এই পরিমাণ বাড়তে পারে বলে সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে চালের মূল্যের ওপর কি ধরনের প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করে দেখা গেছে দিনাজপুর ও রাজশাহী থেকে বর্তমানে প্রতি টন চাল ঢাকায় আনতে পরিবহন খরচ হয় যথাক্রমে ১ হাজার ২৯৮ টাকা ও ১ হাজার ১৩৪ টাকা। এ হিসাবে প্রতি কেজি চালের পরিবহন ব্যয় দাঁড়ায় যথাক্রমে ১ দশমিক ২৯৮ টাকা ও ১ দশমিক ১৩৪ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে এ ব্যয় সর্বোচ্চ ১ দশমিক ৪৯৩ টাকা ও ১ দশমিক ৩০৪ টাকা হতে পারে। অর্থাৎ প্রতি কেজিতে বৃদ্ধি পাচ্ছে যথাক্রমে দশমিক ১৯৫ টাকা ও দশমিক ১৭০ টাকা। এই বিশ্লেষণ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে দিনাজপুর ও রাজশাহীর দূরত্ব বেশি। এছাড়া ওই দু'টি এলাকা থেকে চালের সরবরাহও বেশি। বেশি দুরত্বের জেলার পরিবহন ব্যয় বিশ্লেষণ করে দেখার চেষ্টা করা হয়েছে কেজি প্রতি পরিবহন ব্যয় সর্বোচ্চ কি পরিমাণ বাড়তে পারে। এটি একটি উদাহরণ মাত্র।" সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজেলের দাম ৫৫ টাকা নির্ধারণ করায় প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া হবে ১ দশমিক ৫ টাকা। আর প্রতি টন মাল পরিবহনে ব্যয় বাড়তে পারে ১২ থেকে ১৫ শতাংশ। সরকার সোমবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকা। পেট্রোল ৬৫ টাকা থেকে ২২ টাকা বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। এই হিসাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ছে ৩৭ দশমিক ৫ শতাংশ। আর পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ৩৩ দশমিক ৮৪ শতাংশ ও ৩৪ দশমিক ৩২ শতাংশ বাড়ছে। সোমবার রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/০০১২ ঘ.