ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৮তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রিলিমিনারি পরীক্ষা শুরু করতে আরো দু-এক মাস সময় লাগবে; আর পরীক্ষার সব কার্যক্রম শেষ করে চূড়ান্ত ফল ঘোষণা করতে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা'দত হুসাইন।
সোমবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে পিএসসি আয়োজিত 'সরকারি চাকরিতে কোটা' শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সা'দত হুসাইন বলেন, "এখন ২৮তম বিসিএসের আবেদনপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এক লাখ ২২ হাজারের মধ্যে ৫০ হাজার আবেদনপপত্র যাচাই-বাছাই করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে আরো দু-এক মাস সময় লাগবে। আর এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করতে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে।"
সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান বলেন, "আগামী জুলাই-আগস্টের মধ্যে কোটা ব্যবস্থা নিয়ে সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। বিভিন্ন সেমিনারে কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে মতামত এসেছে। এগুলো চূড়ান্ত করে সরকারকে প্রতিবেদন দেবো আমরা। এর বাস্তবায়ন করবে সরকার।"
তিনি বলেন, "কোটা ব্যবস্থা সংস্কারের মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিতে যোগদানকারীদের মান উন্নয়ন করা। কিন্তু বর্তমান বেতন কাঠামোতে মেধাবীদের সরকারি চাকরিতে আনা যাবে না। উন্নতমানের কর্মী চাইলে সরকারকে বেতন কাঠামো পরিবর্তন করতে হবে। কোটা ব্যবস্থা যত সুন্দরই হোক না কেন, লাভ হবে না।"
গত ২২ জানুয়ারি ২৮তম বিসিএস পরীক্ষার সার্কুলার জারি করে পিএসসি। ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত আবেদনপত্র দেওয়া হয়।
এদিকে ২৭তম বিসিএস এর ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে পিএসসির চেয়ারম্যান জানান, ২৭তম বিসিএস এর ফলাফল মামলার কারণে ঝুলে আছে। মামলা প্রত্যাহার হলে দুই মাসের মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে।
২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন। ২০০৭ সালের ২১ জানুয়ারি তিন হাজার ৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে স্থগিত করা হয়। এর পর সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। ৩০ মে উপদেষ্টা পরিষদ মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব অনুমোদন করে।
এর পর ২০০৭ এর জুলাই মাসে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জনের দায়ের করা আলাদা তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দলীয়করণ, আর্থিক লেনদেন, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ আছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল কাদের ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার বজলুল হক, ড. কামাল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরবি/টিএইচ/এমএ/১৬১৭ ঘ.
bdnews24