২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে রোববার মো. হাসান (২৫) নামে এক যুবককে পিটিয়ে মেরেছে লোকজন। তবে নিহত যুবকের ভাই অভিযোগ করেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে রোববার মো. হাসান (২৫) নামে এক যুবককে পিটিয়ে মেরেছে লোকজন। তবে নিহত যুবকের ভাই অভিযোগ করেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের খোলামুড়া এলাকার রসুলবাগে এ ঘটনা ঘটে। তার আগে হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে দু' যুবক আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কেরানীগঞ্জ থানার একজন উপপরিদর্শক জানান, শুক্রবার একটি ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসী হাসানকে সন্দেহ করে। এরপর ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিও তাকে সনাক্ত করে। রোববার এলাকার বেশ কয়েকজন মিলে হাসানকে ধরতে গেলে সে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করে। হাসানের ছুরির আঘাতে নবী (২২) ও জাহিদ (২৩) নামে দু'জন আহত হয়। পরে হাসান গণপিটুনির শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান সে মারা গেছে। রসুলবাগের বাসিন্দা শাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড প্রতিনিধিকে জানান, শুক্রবার রাতে দুই আত্মীয় কুমিল্লা থেকে রাত সাড়ে ৮টার দিকে রসুলবাগ আসে। এসময় হাসানের নেতৃত্বে সুমন, জাবেদসহ আরও কয়েকজন তাদের দু'জনের তিনটি মোবাইল ফোন ও ১৫শ' টাকা ছিনিয়ে নেয়। পরদিন শনিবার আবার খোলামুড়া মসজিদের রড চুরি হয়। এই ঘটনাতেও এলাকাবাসী মাদকাসক্ত হাসানকে সন্দেহ করে। পরে রোববার এলাকার কয়েকজন মিলে হাসানকে ধরতে গেলে সে প্রথমে ছুরি মারে। উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। কেরানীগঞ্জ উপপরিদর্শক মতিউর রহমান জানান, হাসানের ভাই মামুন বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ইদু, জাহিদ, আনোয়ার হোসেন বাদল, ফারুক, রুহুল আমিন, বেলায়েত, ইসমাইল, কাশেম ও সামছু মিয়াকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে পূর্ব শত্র"তার জের ধরে এই নয়জন হাসানকে পরিকল্পিতভাবে খুন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২৩৪২ ঘ.