ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত থেকেই টানা বৃষ্টির কারণে রাজধানীবাসীর দিন শুরু হয়েছে দুর্ভোগের মধ্য দিয়ে। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় রোববার সকালেই অফিস এবং স্কুল-কলেজগামীদের গাড়ি সঙ্কট আর যানজটের মুখে পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। এটা রোববারও অব্যাহত থাকতে পারে। সোমবার বৃষ্টিপাত কমবে।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মগবাজারের বাসিন্দা জহির ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে বাড়ি থেকে বের হয়েই দেখি রাস্তায় পানি জমে রয়েছে। আর এজন্য যানজটের সৃষ্টি হওয়ায় বাসও পাওয়া যাচ্ছিল না। ফলে অফিসে পৌঁছতেও দেরি হয়।"
মিরপুর ১০ নং সেকশনের বাসিন্দা শাকিলা বলেন, "দীর্ঘণ লাইনে দাঁড়িয়েও ভিড়ের কারণে বাসে উঠতে না পেরে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য সিএনজি অটো রিকশা খুজতে শুরু করি। কিন্তু ধানমণ্ডির বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় কেউ ধানমণ্ডিতে যেতে রাজি হচ্ছিল না।"
প্রায় আধা ঘণ্টা অপো করে প্রায় দ্বিগুণ ভাড়ায় বিকল্প পথে অফিসে পৌঁছতে হয় শাকিলাকে। পড়তে হয় যানজটেও।
ফার্মগেট, মহাখালী, মালিবাগসহ নগরীর বিভিন্ন এলাকায়ই অফিসগামীদের এ দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষা শুরু না হতেই সড়কে পানি জমে যাওয়ায় তীব্র অসন্তোষও প্রকাশ করেন তারা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকেই সারাদেশে বৃষ্টিপাত হয়েছে।
অধিদপ্তরে দায়িত্বরত কর্মকর্তা আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সারাদিনই সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।"
সোমবার বৃষ্টিপাত কমে যেতে পারে বলেও জানান তিনি।
শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়, ১১১ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৮৮, চট্টগ্রামে ২৭, কুমিল্লায় ৪৬, বগুড়ায় ৪৯, মংলায় ২১, পটুয়াখালীতে ৩৮, ফরিদপুরে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24