ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ- ৫ পাওয়ার ক্ষেত্রে রাজধানীর স্কুলগুলোই এগিয়ে। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ- ৫ পেয়েছে যে দশটি স্কুলের শিক্ষার্থীরা তার আটটির অবস্থানই রাজধানীতে। চট্টগ্রাম ও কুমিল্লায় রয়েছে অন্য দুটি প্রতিষ্ঠান।
গতবার শীর্ষ দশে রাজধানীর বাইরের স্কুল ছিল চারটি। ওই তালিকায় থাকা চট্টগ্রামের ড. খাস্তগীর বালিকা বিদ্যালয় ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবার বাদ পড়েছে। এর জায়গায় যোগ হয়েছে রাজধানীর ডেমরার এ কে হাইস্কুল ও উত্তরা হাইস্কুল।
শীর্ষ দশের তালিকায় গত বছরের তুলনায় খুব একটা হেরফের হয়নি। এবার ৭৬৭টি জিপিএ- ৫ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর ৬৭৮টি জিপিএ- ৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল। ৬৫২টি জিপিএ- ৫ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয়।
এছাড়া, ৫৪৯টি জিপিএ- ৫ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মতিঝিল মডেল হাই স্কুল, ৩২৬টি জিপিএ- ৫ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ৩১০টি জিপিএ- ৫ নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা স্কুল, ২৯৭টি জিপিএ- ৫ নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ, ২৭৮টি জিপিএ- ৫ নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে উত্তরা হাইস্কুল, ২৭০টি জিপিএ- ৫ নিয়ে নবম স্থানে রয়েছে ডেমরার এ কে হাইস্কুল ও ২৬৯টি জিপিএ- ৫ নিয়ে ১০ম অবস্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
গত বছর ৫৬৪টি জিপিএ- ৫ নিয়ে দৌড়ে এগিয়ে ছিল ভিকারুননিসা নূন স্কুল, ৫২৭টি জিপিএ- ৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মতিঝিল আইডিয়াল, ৩১৪টি জিপিএ- ৫ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মনিপুর হাইস্কুল, ২৮১ টি জিপিএ- ৫ নিয়ে চতুর্থ স্থানে ছিল ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২৬৫টি জিপিএ- ৫ নিয়ে পঞ্চম স্থানে ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
ওই তালিকায় ২৫৮টি জিপিএ- ৫ নিয়ে মতিঝিল মডেল হাই স্কুল ছিল ষষ্ঠ স্থানে, ২৫৫টি জিপিএ-৫ নিয়ে সপ্তম স্থানে ছিল কুমিল্লা জিলা স্কুল, ২৯৭টি জিপিএ- ৫ নিয়ে অষ্টম স্থানে ছিল চট্টগ্রামের ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবম স্থানে ১৭৯টি জিপিএ- ৫ নিয়ে ছিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর ১৭৮ টি জিপিএ-৫ নিয়ে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল দশম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এসএনডি/২২০৩ ঘ.
bdnews24