ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো এবারও সাতটি শিক্ষা বোর্ডে জিপিএ- ৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে ঢাকা বোর্ডের সেরা দশটি স্কুলেরই অবস্থান রাজধানীর বুকে।
ঢাকা বোর্ডে শীর্ষ অবস্থানে থাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭৬৭ শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এসএসসিতে উত্তীর্ণের হারও শতভাগ।
দ্বিতীয় অবস্থানে থাকা ভিকারুননিসা নূন স্কুল গতবারের মতো এবারো শতভাগ পাসের হার বজায় রেখেছে। এ স্কুলের ৬৭৮ শিক্ষার্থী পেয়েছে জিপিএ- ৫। তৃতীয় স্থানে রয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয়। এ স্কুলে উত্তীর্ণের হারও শতকরা একশ' ভাগ। স্কুলটি থেকে জিপিএ- ৫ পেয়েছে ৬৫২ জন শিক্ষার্থী। এ ছাড়া ৫৪৯ টি জিপিএ- ৫ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মতিঝিল মডেল হাই স্কুল; সেখানে উত্তীর্ণের হার ৯৭ দশমিক ৯২ ভাগ। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৯৭ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে।
জিপিএ- ৫ এর দিক দিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে উত্তরা হাইস্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উত্তরা হাইস্কুলের ২৭৮ জন, ডেমরার একে হাই স্কুলের ২৭০ জন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। নবম স্থানে থাকা মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২৬৪ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। ২১৩ জিপিএ- ৫ নিয়ে দশম স্থানে রয়েছে ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
রাজশাহী বোর্ড:
রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ- ৫ এর দিক থেকে প্রথম স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ১৭৫ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে; শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ।
এরপর শতভাগ উত্তীর্ণের হার নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৬ জন, রংপুর জিলা স্কুল থেকে ১৬৩ জন, বগুড়া জিলা স্কুল থেকে ১৪৭ জন, দিনাজপুর জিলা স্কুল থেকে ১২১ জন, পাবনা জিলা স্কুল থেকে ১১৪ জন, রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১০৪ জন, বোয়ালিয়া সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৩ জন এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাই স্কুল থেকে ১০১ জন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা বোর্ড:
জিপিএ- ৫ এর দিক থেকে এ বোর্ডে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জেলা স্কুল। এ স্কুলের ৩১০ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। উত্তীর্ণ হয়েছে শতকরা ৯৯ দশমিক ৪৯ ভাগ শিক্ষার্থী।
এ ছাড়া ২০০টি জিপিএ- ৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা মডার্ন উচ্চ বিদ্যালয়। শীর্ষ দশে থাকা অন্য স্কুলের মধ্যে পর্যায়ক্রমে নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৫৯, চাঁদপুর আল আমিন একাডেমি থেকে ১৪৮, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৬ জন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৮৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি আনন্দ উচ্চ বিদ্যালয় থেকে ৭৬ জন, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন, চাঁদপুর সরকারি মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬০ জন এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ জন জিপিএ- ৫ পেয়েছে।
এ বোর্ডে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
যশোর বোর্ড:
জিপিএ- ৫ এর দিক থেকে এ বোর্ডে প্রথম স্থানে রয়েছে খুলনা জেলা স্কুল। এ স্কুলের ১৯৪ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা স্কুল থেকে ১৩৯, খুলনা গভর্নমেন্ট করোনেশান সেকেন্ডারি গার্লস স্কুল থেকে ১১৭, যশোর জেলা স্কুল থেকে ৮৭, কুষ্টিয়া সরকারি সেকেন্ডারি বালিকা বিদ্যালয় থেকে ৮৩, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭২, খুলনা পাবলিক কলেজ থেকে ৬৮, যশোর পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল থেকে ৬১, খুলনা সেন্ট যোসেফ হাই স্কুল থেকে ৫৮ এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে।
চট্টগ্রাম বোর্ড:
জিপিএ- ৫ এর দিক থেকে এ বোর্ডে শীর্ষ দশের মধ্যে প্রথম অবস্থানে আছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এ স্কুলের ৩২৬ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩০ জন, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৫, চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে ১৪৭, চট্টগ্রাম নৌবাহিনী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩৪, চট্টগ্রাম সরকারি হাই স্কুল থেকে ১২৯, চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি হাই স্কুল থেকে ১২৮, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৪, চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৩ জন এবং চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৫ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
এগুলোর মধ্যে ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়েছে।
বরিশাল বোর্ড:
জিপিএ- ৫ এর দিক থেকে এ বোর্ডে প্রথম স্থানে রয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে শতকরা উত্তীর্ণের হার হার ৯৫ দশমিক ০৪ হলেও ৭৫ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
জিপিএ- ৫ এর ভিত্তিতে শীর্ষ দশে থাকা অন্যান্য স্কুলের মধ্যে বরিশাল জিলা স্কুল থেকে ৪৫ জন, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৫, বরিশাল উদয়ন সেকেন্ডারি স্কুল থেকে ৩২, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯, পটুয়াখালী সরকারি জুবিলী হাই স্কুল থেকে ১৮ জন জিপিএ- ৫ পেয়ে প্রথম থেকে ষষ্ঠ স্থানে রয়েছে।
এ ছাড়া পিরোজপুর সরকারি সেকেন্ডারি স্কুল এবং ভোলা সরকারি সেকেন্ডারি স্কুল থেকে ১৫ জন করে শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে যুগ্মভাবে সপ্তম স্থানে রয়েছে।
অষ্টম স্থানে থাকা বরগুনা জেলা স্কুল থেকে ১৩ জন এবং ঝালকাঠি সরকারি বালক সেকেন্ডারি স্কুল থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে নবম স্থানে রয়েছে। ৮ জন করে জিপিএ- ৫ পেয়ে যুগ্মভাবে দশম হয়েছে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি ও ঝালকাঠি হারাচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়।
সিলেট বোর্ড:
সিলেট বোর্ডে শতকরা একশ ভাগ উত্তীর্ণ এবং জিপিএ-৫ এর দিক থেকে প্রথম স্থানে রয়েছে সিলেটের ব্লু বার্ড হাই স্কুল। এ স্কুলের ৬২ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
এ ছাড়া শীর্ষ দশে থাকা অন্যান্য স্কুলের মধ্যে সিলেট সরকারি পাইলট হাই স্কুল থেকে ৫৯ জন, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৩৯ জন, হবিগঞ্জ সরকারি হাই স্কুল থেকে ৩৬ জন, জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯ জন, শাহজালাল জামিয়া ইসলামিয়া হাই স্কুল থেকে ২৭ জন, সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জন, সিলেট রাইফেলস পাবলিক স্কুল থেকে ১৮ জন এবং শ্রীমঙ্গল 'দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে ১৭ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসএনডি/২০০২ ঘ.
bdnews24