ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার অভিযোগপত্র দেওয়ার পর এ মামলার বিচার প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।
আগামী ১৩ জুলাই এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে এ মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন।
এরপর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা মামলার নথি গ্রহণ করে আগামী ১৩ জুলাই অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় পলাতক আট আসামির বিরুদ্ধে গত ২৩ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় ২২ জনকে আসামি করে গত ১ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবীর।
আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি হান্নানসহ ১৪ জন কারাগারে। তবে পিন্টুর ভাই তাজউদ্দিনসহ আট আসামি পলাতক রয়েছে।
তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর এ মামলায় বিস্ফোরক আইনে এবং হত্যার ঘটনায় আলাদা দুটি অভিযোগপত্র দেন।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েকশ জন আহত হন।
হামলার পরদিন মতিঝিল থানার তখনকার উপ-পরিদর্শক শরিফ আহমেদ একটি মামলা করেন। এর তদন্তের দায়িত্ব প্রথমে দেওয়া হয় মতিঝিল থানার উপ-পরিদর্শক আমির হোসেনকে। পরে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামসুল ইসলামকে। এরপর তদন্তের দায়িত্ব পান সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ ও মুন্সি আতিকুর রহমান। বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন মামলাটি তদারক করেন। সর্বশেষ ২০০৭ সালের ২২ আগস্ট এ মামলার তদন্তভার দেওয়া হয় ফজলুল কবীরকে।
ফজলুল কবীর তদন্তের দায়িত্ব নেওয়ার আগে ২০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং ১৬৪ ধারায় তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল। কিন্তু ফজলুল কবীরের তদন্তে হামলায় ওই ২০ জনের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
হামলার কিছুদিন পর জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়, সুব্রত বাইন প্রমুখ গ্রেনেড হামলার মূল হোতা। তখন বিষয়টি সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'সাজানো' বলে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
পরবর্তী সময়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর গ্রেনেড হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। এর প্রেক্ষাপটে নতুন করে মামলার তদন্ত শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৫৬ ঘ.
bdnews24