২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর-চোরাচালানি সংঘর্ষ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় পণ্য আটক করা নিয়ে মঙ্গলবার রাতে চোরাচালানিদের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। চোরাচালানিরা বিডিআরের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলিও ছুড়েছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 06:13 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

সাতক্ষীরা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় পণ্য আটক করা নিয়ে মঙ্গলবার রাতে চোরাচালানিদের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। চোরাচালানিরা বিডিআরের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলিও ছুড়েছে বিডিআর। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী সাংবাদিকদের জানান, বিডিআরের মাদরা কোম্পানির চার জন সদস্য ভাড়ার মোটর সাইকেল নিয়ে মাহমুদপুর গ্রামে বেশ কিছু ভারতীয় ইলেকট্রনিক পণ্য আটক করে। ওই সময় সংঘবদ্ধ চোরাচালানিরা মোটর সাইকেল চালক আব্দুস সামাদকে পিটিয়ে আহত করে এবং বিডিআরকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। চোরাচালানিদের ছত্রভঙ্গ করতে তখন বিডিআর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিডিআর ও চোরাচালানি সংঘর্ষের কথা স্বীকার করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হলেও এতে কেউ হতাহত হয়নি। তিনি জানান, চোরাচালানিদের পিটুনিতে আহত মোটর সাইকেল চালক সামাদকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০৫ ঘ.