২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ বছর ধরে সরকারি বাড়ি দখলে রেখেছেন পুলিশ কর্মকর্তা

প্রায় ২১ বছর ধরে একটি সরকারি বাড়ি নিজের দখলে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। দখলের অভিযোগে সাময়িক বরখাস্ত, বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধের মতো শাস্তি, এমনকী মামলা হলেও তিনি এখনও বাড়ির দখল ছাড়েননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রায় ২১ বছর ধরে একটি সরকারি বাড়ি নিজের দখলে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। দখলের অভিযোগে সাময়িক বরখাস্ত, বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধের মতো শাস্তি, এমনকী মামলা হলেও তিনি এখনও বাড়ির দখল ছাড়েননি। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মুন্সী আতিকুর রহমান বাড়ি দখলের বিষয়টি অস্বীকার করে বলেছেন, 'প্রকৃত মালিকের' কাছ থেকেই তিনি বাড়িটি কিনেছেন। গত বছরের ১ আগস্ট অবসরে যাওয়া মুন্সী আতিকুর রহমান মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকার সময় ১৯৮৫ সালে মীরপুর-২ নম্বরে অবস্থিত বাড়িটিতে ওঠেন। ১৯৮৭ সালে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হন তিনি। তখন বাড়িটি ছাড়ার কথা থাকলেও তিনি তা করেননি। বরং একতলা বাড়ি ছয়তলা করেছেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলাটি মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগে পুলিশ সদরদপ্তর যে তিনজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে মুন্সী আতিক তাদের একজন । ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুন্সী আতিকুর রহমান অবৈধভাবে বাড়িটি দখল করে রেখেছেন। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে তিনি আবার ছয়তলা একটি বাড়িও নির্মাণ করেছেন। এ বিষয়ে একটি মামলাও করেছে পুলিশ। মামলাটি এখন চলছে।" মুন্সি আতিকুর রহমান নিজেও বর্তমানে ওই বাড়িতেই অবস্থান করছেন । বাড়ির অন্য তলায় আছেন ভাড়াটেরা। যেভাবে দখল হলো... ১৯৭২ সালের গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় এই বাড়িটি পুলিশকে বরাদ্দ দেয়। এরপর ১৯৭২ সালের ২৪ এপ্রিল থেকে '৮৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ বাড়িতে থাকতেন। মুন্সি আতিকুর রহমান ১৯৮৫ সালে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর এ বাড়িতে ওঠেন। ১৯৮৭ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে রেঞ্জ রিজার্ভ ফোর্সে যোগ দিলেও ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য বরাদ্দ করা বাড়ি আর ছাড়েননি। পুলিশ সদর দপ্তরের বিভিন্ন নথি ও কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, বাড়িটি নিজের বলে দাবি করে ১৯৮৮ সালে জনৈক আতাউর রহমান পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। নথি অনুযায়ী এই মামলায় পুলিশ 'বিব্রত বোধ' করে। পরে অভিযোগ ওঠে, মুন্সি আতিক বাড়িটি দখলে রাখার জন্যই ওই আতাউর রহমানকে দিয়ে মামলা করিয়েছেন। বাড়ি দখলের এ অভিযোগ ওঠার পর ১৯৮৮ সালে প্রথমে মুন্সী আতিককে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার তিন বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়। ধামরাইয়ের বাসিন্দা এই আতাউর রহমানই বাড়ির প্রকৃত মালিক বলে দাবি করেন মুন্সী আতিক। এরপর পুলিশ অনেকবার চিঠি দিয়ে মুন্সী আতিককে সরকারি বাড়িটির দখল ছাড়তে বলে। বিভিন্ন সময় পাঠানো এসব চিঠিকে অবৈধ উল্লেখ করে ২০০৭ সালে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০০৭ সালের নভেম্বর মাসে মীরপুর থানার উপ-পরিদর্শক মো. মহিউদ্দীন বাদী হয়ে মুন্সি আতিকের বিরুদ্ধে সরকারি বাড়ি দখলের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মুন্সী আতিক ওই মামলায় জামিনে রয়েছেন। মুন্সি আতিকের বক্তব্য বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে মুন্সি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়িটি আমি প্রকৃত মালিক আতাউর রহমানের কাছ থেকে কিনেছি।" তিনি বলেন, ১৯৮৭ সালে পূর্ত মন্ত্রণালয় বাড়িটি জনৈক আতাউর রহমানের কাছে বিক্রি করে দেয়। ১৯৯৫ সালে আতাউর রহমানকে বাড়ি বিক্রির দলিল দেয় পূর্ত মন্ত্রণালয়। "পৌনে চার কাঠার এ প্লটটি আমি ২০০৩ সালে আতাউর রহমানের কাছ থেকে সাড়ে ৮লাখ টাকায় কিনে নিই", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আতিক বলেন, ২০০৩ সালে জমিসহ বাড়িটি 'কেনার' সময় তিনি সরকারের কোনও অনুমতি নেননি। বাড়ি দখলের অভিযোগে ১৯৮৮ সালে সাময়িক বরখাস্ত করা হয় বলে আর অনুমতি নেননি বলে তিনি উল্লেখ করেন। মামলা প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়ে আমার বিরুদ্ধে কেন মামলা দায়ের করবে সরকার। মামলা হবে পূর্ত মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আমিতো বাড়িটি কিনে নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/০০০৫ঘ.