নীলফামারী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে আসা পাহাড়ি ঢল ও গত তিন দিনের টানা বর্ষণে তিস্তার পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পাঁচটি ইউনিয়নের আটটি চরে বন্যা দেখা দিয়েছে। এসব চরের প্রায় পাঁচ হাজার মানুষ উচু স্থান ও তিস্তা গাইড বাঁধে আশ্রয় নিয়েছেন।
শুক্রবার উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছিল।
বন্যা কবলিত গ্রামগুলো হল- তিস্তা ব্যারেজের উজানে খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া, কিসামত সাতনাই, পুর্ব সাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেস্বর, পুর্ব সাতনাই, পশ্চিম সাতনাই ইউনিয়নের কালিগঞ্জ, টেপাখড়িবাড়ি ইউনিয়নের পুর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়নের ছোটখাতা চর।
ঘর বাড়িতে কোমর সমান পানি ওঠায় ওইসব চরের কমপক্ষে পাঁচ হাজার মানুষ ঘরবাড়ি ফেলে উঁচু স্থান এবং গাইড বাঁধে আশ্রয় নিয়েছেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "তিস্তা নদী তীরবর্তী পাঁচটি ইউনিয়নের চরবাসীর অবস্থা খুবই খারাপ। যাদের ঘরবাড়িতে পানি উঠেছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ইউপি চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।"
খগাখড়িবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন ও পুর্ব সাতনাই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, বানের পানিতে ভেসে গেছে ওই ৮টি চরের সবগুলো পুকুরের মাছ। তলিয়ে গেছে রোপা আমন বীজতলা।
টেপা খড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি গ্রামের চরে বসবাসকারী আব্দুল কাদেরের ছেলে আক্কাস আলী জানান, বাড়িতে কোমর সমান পানি ওঠায় তারা তিস্তা গাইড বাঁধে আশ্রয় নিয়েছেন। আজ (শুক্রবার) দুপুরে খাবার জুটেছে। তবে রাতের খাবারের কোনো ব্যবস্থা নেই। এ গ্রামের প্রায় তিনশ পরিবারের সবাই বাঁধে আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।
একই গ্রামের আলাউদ্দিনের ছেলে জামাল উদ্দিন বলেন, সহায় সম্বল ফেলে তারা বাঁধে আশ্রয় নিয়েছেন। যে যতটুকু পেরেছে তা নিয়ে এসেছে সঙ্গে করে।
ডালিয়া শাখা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও গত তিন দিনের টানা বর্ষণে শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে তিস্তায় পানি বাড়তে শুরু করে। বিকেল সাড়ে ৪টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা হলো ৫২দশমিক ২৫ সেন্টিমিটার। ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েও পানির চাপ ঠেকানো সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24