ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১২ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
বদলীকৃতদের মধ্যে দুইজনকে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে পাঁচজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিবকে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপ-সচিব আবু সাঈদ মোহাম্মদ নোমান ও আবদুস সোবহানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, শাহ মো. আবু রায়হান আল বেরুণীকে ভূমি মন্ত্রণালয়ে, আফরোজা খানকে শিল্প মন্ত্রণালয়ে ও মোহাম্মদ ইসমাইলকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা মালেক ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোজাম্মেল হক খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব কাজী ওবায়দুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, সাজেদুল কাইয়ুম দুলালকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এছাড়াও যুব প্রশিক্ষণ ও আত্ম কর্মসংস্থান প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী সালাউদ্দিন আকবরকে খাদ্য মন্ত্রণালয়ে ও কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সাঈদ সালাউদ্দিন মাহমুদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমএ/১৮৫৫ ঘ.
bdnews24