কুষ্টিয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি স্কুলপাড়া গ্রামে বুধবার ভোরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ চরমপন্থী নেতা আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন (৪৫) নিহত হয়েছেন।
এ সময় রিক্তা নামের এক নারীও নিহত হন বলে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের ইনচার্জ মেজর আমজাদ হোসেন জানিয়েছেন।
দাদা তপন নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষ নেতা।
মেজর আমজাদ বলেন, "র্যাব-১২, র্যাব-৬ ও র্যাবের একটি গোয়েন্দা দল বুধবার ভোর পাঁচটায় বাড়াদি স্কুলপাড়া গ্রামে অভিযান চালায়। দাদা তপন ও তার সঙ্গীরা ঐ গ্রামের রিক্তা নামে এক নারীর বাড়িতে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুক যুদ্ধের একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ক্রসফায়ারে পড়ে দাদা তপন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে রিক্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।"
ঘটনাস্থল থেকে র্যাব একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশী পিস্তল ও প্রচুর গুলি উদ্ধার করেছে বলে দাবি করেন র্যাব কর্মকর্তা।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সর্দার জানান, আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ দুই ডজন মামলা রয়েছে।
রিক্তার সঙ্গে তপনের সম্পর্কের ব্যাপারে র্যাব কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
গ্রামবাসীরা জানিয়েছেন, রিক্তাকে তারা বেশ কিছু দিন ধরে দেখলেও তপনকে কখনো দেখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১১৪৬ ঘ.
bdnews24