ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যবস্থাপনায় কোনও শিল্প প্রতিষ্ঠান চলতে পারে না বলে দেওয়া অর্থ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বলেছে, ওই বক্তব্যের মধ্য দিয়ে সরকার দায় এড়াতে চেয়েছে। রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠানে অব্যবস্থাপনার জন্য সরকারের ভ্রান্ত নীতি ও প্রশাসনের অদক্ষতাই দায়ী। রাষ্ট্রায়াত্ত খাত বিলুপ্তির পরিবর্তে তা আরও গতিশীল করার মধ্য দিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্কপ।
সোমবার এক বিবৃতিতে স্কপ এ আহ্বান জানায়।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম গত ১৪ জুন এক আলোচনা সভায় বলেন, "সরকারি ব্যবস্থাপনায় কোনও শিল্প প্রতিষ্ঠান চলতে পারে না। এসব প্রতিষ্ঠানের কর্মীরা দায়িত্ব পালন না করে মাস শেষে বেতনের আশায় বসে থাকেন। ফলে বছরের পর বছর লোকসানের ঘানি টানতে হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে।"
উপদেষ্টার ওই বক্তব্যের বিরোধিতা করে স্কপের বিবৃতিতে বলা হয়, "সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে সরকার (উপদেষ্টা) এ ধরনের অযৌক্তিক বক্তব্য দিয়েছে। প্রকৃতপক্ষে বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেশের বুনিয়াদি শিল্প প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।"
সংবিধনের ১৩ (ক) অনুচ্ছেদের উল্লেখ করে স্কপ বলেছে, "অর্থনৈতিক জীবনের প্রধান খাত নিয়ে সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়াত্ত খাত সৃষ্টির যে সাংবিধানিক দায়িত্ব সরকারের রয়েছে; উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিভাত হচ্ছে, সরকার তা থেকে সরে আসছে।"
বিবৃতিতে বলা হয়, "বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে বিগত সরকারগুলোর ভ্রান্ত নীতির কারণেই দেশের পাট, ইস্পাত, যন্ত্রসহ রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা। ভ্রান্ত নীতি, প্রশাসনের অদক্ষতা, মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, দুর্নীতি ও আমলাতন্ত্রের দৌরাত্ম্যই এর কারণ। বর্তমান সরকারও এর ধারাবাহিকতা রক্ষা করছে, যা অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট।"
বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়ায় যে সব কল-কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে তার প্রায় সবগুলোই পরে বন্ধ হয়ে গেছে দাবি করে স্কপ বলছে, এর ফলে ফলে কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্বের সংখ্যা বাড়ছে।
বিবৃতিতে রাষ্ট্রায়াত্ত খাত বিলুপ্তির পরিবর্তে রাষ্ট্রায়াত্ত খাতকে গতিশীল ও লাভজনক করার পরিকল্পনা নিয়ে শিল্প বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
স্কপের সমন্বয়কারী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খানের পাঠানো ওই বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল বাশার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দীন আহমেদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিকুর রহমান মজুমদার, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আব্দুল্লাহ সরকার, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবদুল কাদের হাওলাদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএইচবি/২২১২ ঘ.
bdnews24