ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সোমবার দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।
ভোটার তালিকার অগ্রগতি জানাতে বিকেলে অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সিইসি।
সেখান থেকে কমিশন কার্যালয়ে ফিরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার তালিকার কাজ ৯৭ শতাংশ শেষ হয়ে গেছে। তালিকা করা শেষে এ কাজে ব্যবহৃত সামগ্রীর ব্যবস্থাপনা কীভাবে হবে এবং জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে আগামীতে কীভাবে পরিচয়পত্র দেওয়া হবে সে বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।"
এর আগে গত ১১ জুন তিন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে সিটি ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতির বিষয় অবহিত করেন।
প্রকল্প পরিচালকের ব্রিফিং
সোমবার সকালে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান' প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি জানান, আগামী অক্টোবরের মধ্যে সারাদেশের ভোটার তালিকার চূড়ান্ত মুদ্রণ কপি নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এনডিআই রাজশাহী, রাউজানসহ চারটি এলাকায় এবার জরিপ চালিয়ে ভোটার তালিকায় কোনো ভুয়া ভোটার পায়নি বলে জানান তিনি।
গত বছর বাতিল হওয়া নির্বাচনের জন্য করা তালিকায় ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার থাকার অভিযোগ করেছিল এনডিআই।
ইতোমধ্যে ৩০টি এলাকার চূড়ান্ত তালিকা ইসিকে হস্তান্তর করা হয়েছে জানিয়ে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, "৩০ জুনের মধ্যে ৬৮টি এলাকার, ২৭ জুলাইয়ের মধ্যে ১২১টি এলাকার এবং অক্টোবরের মধ্যে সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনকে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে।"
এবার ভোটার তালিকা তৈরিতে ১০০০৯টি ল্যাপটপ, ৯৫০ ওয়েবক্যাম, ১০৬০০ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডেস্কটপ কম্পিউটার ৬৫০টি, প্রিন্টার (কালার) ১১৪টি, প্রিন্টার (মনোক্রোম) ৫৮৮টি, জেনারেটর ৩২৯০টি, লেমিনেটিং মেশিন ৪১০টি ও চারশটি কাটিং ডিভাইস ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এম এম বাহাউদ্দিন, যুগান্তর ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সমকাল এর উপ সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, নিউজ এজ এর সহকারী সম্পাদক মীর আশফাকুজ্জামান, নিউ নেশন এর সহকারী সম্পাদক সরকার নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট এর সিটি এডিটর মোকারম হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/২১১৫ ঘ.
bdnews24