২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর জামিন পেলেন সাবেক সাংসদ সেলিমের স্ত্রী আমেনা

অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা এম এ এইচ সেলিমের স্ত্রী আমেনা বেগম সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা এম এ এইচ সেলিমের স্ত্রী আমেনা বেগম সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। আমেনা বেগম দুপুরে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানির পর বিচারক মো. আজিজুল হক ২০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কবীর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অমেনার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আদালতে আত্মসমর্পণের পর তিনি জামিন নিয়ে চলে গেছেন। আমেনার পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন ব্যরিস্টার রফিক উল হক। দুর্র্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলী আকবর গত বছর ৬ ডিসেম্বর এম এইচ সেলিম ওরফে সিলভার সেলিমের বিরুদ্ধে রমনা থানায় এ মমলা দায়ের করেন। এতে তার স্ত্রী আমেনা বেগম, ছেলে মেহেদী হাসান ও মেয়ে সাহারা সেলিমকেও আসামি করা হয়। এজাহারে বলা হয়, গত বছর ১০ জুন সেলিমের পক্ষ থেকে মোট ৮৮ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৪১৪ টাকার সম্পদের হিসাব কমিশনে জমা দেয়া হয়। কিন্তু তদন্তে দেখা যায়, সেলিম ২২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৯৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। কমিশনের সহাকরী পরিচালক মো. শামসুল আলম গত ৯ জুন এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন। এম এ এইচ সেলিম বর্তমানে কারাগারে রয়েছেন। তার ছেলে মেহেদী ও মেয়ে সাহারা পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২০৪৮ ঘ.