ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট-খাটো দু-একটি বিষয় ছাড়া প্রস্তাবিত বাজেটের বড় ধরনের পরিবর্তন আসছে না। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বাজেট সম্পর্কে পাওয়া মতামত পর্যালোচনা করে দেখা গেছে কেউই বড় কোনো পরিবর্তনের প্রস্তাব দেয়নি।
অর্থ মন্ত্রালয়ে সোমবার দুপুরে অর্থ উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়ী শিল্পপতি, অর্থনীতিবিদসহ দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে অনেক বিচার-বিশ্লেষণের পর সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হয়েছে। সেটি ঘোষণার পর এ পর্যন্ত পাঁচটি সংগঠন সরাসরি মতামত দিয়েছে। এর বাইরে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনেকে মতামত পাঠিয়েছেন। সব মতামত পর্যালোচনা করে দেখেছি, বড় ধরনের পরিবর্তনের কথা কেউই বলেনি।"
গত ৯ জুন বেতার ও টেলিভিশনে ২০০৮-০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। ১৬ জুন পর্যন্ত এ বিষয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে মতামত চাওয়া হয়। অর্থ উপদেষ্টা জানান, সোমবার পর্যন্ত বাজেট বিষয়ে মোট ৫৪২টি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে ওয়েবে মতামত এসেছে ৩৫০টি আর পত্রপত্রিকার মাধ্যমে পাওয়া গেছে ১৯২টি।
আজিজুল ইসলাম বলেন, "কয়েকটি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করেছে। এছাড়া এফবিসিসিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) টার্নওভার সীমা ২৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে বলেছে। একটি সংগঠন আবার এ সীমা এক কোটি টাকা করতে বলেছে।"
চিনি আমদানিকাররা পরিশোধিত চিনি (সাদা) আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট শুল্ক ছয় হাজার টাকা থেকে কমাতে বলেছে জানিয়ে তিনি বলেন, "একইসঙ্গে তারা অপরিশোধিত চিনি (র-সুগার) আমদানির উপর সুনির্দিষ্ট শুল্ক চার হাজার টাকার বেশি করতে বলেছে। এর বাইরে এফবিসিসিআই ও ঢাকা চেম্বার কোনো প্রশ্ন না করে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য জরিমানা ছাড়া অপ্রদর্শিত আয় বৈধ করার দাবি জানিয়েছে।"
কোনো প্রশ্ন ছাড়া অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা ছাড়া অপ্রদর্শিত আয় বৈধ করারও সুযোগ দেওয়া হবে না। এমনটি করলে বৈষম্য সৃষ্টি হবে। একজন সম্মানিত করদাতা নির্ধারিত হারে কর দিয়ে নিয়মিত আয়কর পরিশোধ করছেন। আর অন্য একজন দীর্ঘদিন কর না দিয়ে এখন বলছেন জরিমানা ছাড়াই তাদের অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
করমুক্ত আয়ের সীমা বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৫০ হাজার টাকা করা হয়েছিল। প্রতিবারই এ সীমা বাড়ানো উচিত নয়। সরকারের রাজস্ব আদায়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তবে নতুন বাজেটে প্রথমবারের মতো নারী ও বয়স্কদের (৭০ বছরের বেশি) ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা করা হয়েছে।"
অর্থ উপদেষ্টা জানান, এসএমই খাতের টার্নওভার সীমাসহ ছোট
bdnews24