২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগ নেতা হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ফটিকছড়িতে যুবলীগ নেতা মো. শফি হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটিকছড়িতে যুবলীগ নেতা মো. শফি হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরীফুদ্দীন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ হেলাল, কোরবান আলী, মোহাম্মদ গণি, মো. আনোয়ার ও মো. ইলিয়াস। এদের মধ্যে হেলাল ও আনোয়ার এ মামলায় বর্তমানে কারাগারে আছেন। বাকী তিনজন পলাতক রয়েছেন। ১৯৯৯ সালের ২৪ এপ্রিল ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মইক্যাঘোনা পাাহাড়ের নিচে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রৌশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. শফিকে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ৩০২ ধারায় এ সাজা দিয়েছে। কোরবান আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ১৯৯৯ সালের ২৪ এপ্রিল রাতে মইক্যাঘোনা পাহাড়ের নিচে নিয়ে জবাই করে হত্যা করে স্থানীয় যুবলীগ নেতা ও ব্যবসায়ী মো. শফিকে। পরে সন্ত্রাসীরা লাশ মাটিতে পুঁতে ফেলে। এর দুই দিন পর এলাকাবাসী সন্ত্রাসী মো. হেলালকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়ের নিচ থেকে উদ্ধার করা হয় শফির লাশ। ওই বছর ২৬ এপ্রিল শফির বড় ভাই মোস্তাফিজুর রহমান ফটিকছড়ি থানায় একটি মামলা করেন। আইনজীবী রৌশন আরা জানান, ২০০০ সালের ৫ জুলাই এই মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০৩ সালের ৩১ মার্চ অভিযোগ গঠন করা হয়। মামলার ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেওয়া হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫৯ ঘ.