২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষখোরদের ধরতে ফাঁদ পাতবে দুদক

যে সব জায়গায় অহরহ ঘুষ নেওয়ার ঘটনা ঘটছে, সেখানে ফাঁদ পেতে ঘুষখোরদের ধরবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সব জায়গায় অহরহ ঘুষ নেওয়ার ঘটনা ঘটছে, সেখানে ফাঁদ পেতে ঘুষখোরদের ধরবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। তিনি বলেন, "কমিশন মনে করে, যে সব জায়গায় এখনও অহরহ ঘুষ নেওয়া হচ্ছে, সেখানে ফাঁদ পরিচালনা করা হবে। এর বাইরে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।" হানিফ ইকবাল জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থিক অনিয়মের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা পড়েছে। এক্ষেত্রে কিছু কিছু বিষয় স্পষ্ট করার জন্য তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। তিনি আরও জানান, ১৯৯২-'৯৩ সালে বিদেশ থেকে অনুদান পাওয়া প্রায় চার কোটি টাকা (ব্যাংক সুদসহ বর্তমানে পাঁচ কোটি ৩০ লাখ টাকা) জিয়া অরফানেজ ট্রাস্টের (বগুড়া ও খুলনা) কাজে ব্যবহারের ক্ষেত্রে কোনও অনিয়ম করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে জরুরি ক্ষমতা বিধিমালা সংশোধন করা হচ্ছে- বিভিন্ন মহল থেকে আসা এ অভিযোগের উল্লেখ করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হানিফ ইকবাল বলেন, "সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না, আমরা এমন সিদ্ধান্তের কথাই জানি। কিন্তু তারপরও যদি আইন-আদালত বা সরকার সিদ্ধান্ত নেয় সে বিষয়ে কমিশনের কিছু করার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮২৯ ঘ.