ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর মেরামত কাজ আগামী ২৪ জুনের মধ্যে শেষ হবে বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্ধারিত সময়ের চার দিন আগেই ২৪ জুন সেতুর মেরামত কাজ শেষ হবে এবং গাড়ি চলাচলের জন্য তা পুরোপুরি খুলে দেওয়া হবে।
তথ্য বিবরণীতে জানানো হয়, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান রোববার সেতুর মেরামত কাজের অগ্রগতি ঘুরে দেখেন। ওই সময় প্রকৌশলীরা সচিবকে জানান, সেতুটির এক্সপানশন জয়েন্ট ক্ষয় হয়ে এমন অবস্থায় পৌঁছেছিল যে, জরুরি মেরামত করা না হলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
যোগাযোগ সচিব সেতুর কাজের গুণগতমান বজায় রেখে যাতে মেরামত কাজ সমাপ্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে সড়ক বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী মেরামত কাজের জন্য সময় ধরা হয়েছিল ৪৪ দিন। তবে এর ৪ দিন আগেই তা শেষ হচ্ছে। সোমবার সেতুর শেষ কয়েকটি এক্সপানশন জয়েন্টের ঢালাই কাজ হবে বলে তথ্য বিরণীতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২০৭ ঘ.
bdnews24