২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

জরুরি ক্ষমতা আইনে জামিন ও আপিলে বাধা, সাজার মেয়াদ বেঁধে দেওয়া এবং আগের ঘটনায় দায়ের করা মামলা এই আইনে অন্তর্ভুক্তিসহ কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনে জামিন ও আপিলে বাধা, সাজার মেয়াদ বেঁধে দেওয়া এবং আগের ঘটনায় দায়ের করা মামলা এই আইনে অন্তর্ভুক্তিসহ কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। জবাব দেওয়ার জন্য আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত। তবে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালার কার্যকারিতা স্থগিত করেনি হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এজ সম্পাদক নূরুল কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। জরুরি ক্ষমতা আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ জুন হাইকোর্টে এ রিটটি দায়ের করা হয়। আদালতের আদেশের পর রিটকারীদের কৌঁসুলী ব্যারিস্টার আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, "জরুরি ক্ষমতা অধ্যদেশের ১৫ ধারায় জরুরি অবস্থা জারির আগের ঘটনার মামলা এ আইনে আনার বিধান রাখা হয়েছে। এই বিধিমালায় সাজার মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে; এর মধ্য দিয়ে প্রকারান্তরে সাজা দেওয়ার ক্ষমতা নির্বাহী কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। নির্বাহী কর্তৃপক্ষ সাজা দেওয়ার ক্ষমতা পাওয়ায় ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে।" তিনি আরও বলেন, "এ বিধিমালায় জামিন আবেদন না করার বিধান রয়েছে। এসব বিষয় সংবিধান পরিপন্থী। কারণ এতে হাইকোর্ট বা বিচার বিভাগের ক্ষমতা খর্ব হয়েছে।" ব্যারিস্টার আমীর বলেন, "সংবিধান ও আইনে হাইকোর্টের জামিন আবেদন গ্রহণ করা বা বিবেচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই অধ্যাদেশের মাধ্যমে আদালতের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। হাইকোর্টের জন্মগত অধিকার হচ্ছে জামিন আবেদন বিবেচনা করা। বিধিমালা দিয়ে এই অধিকার খর্ব করা আইনসম্মত নয়। অধ্যাদেশ জারি করে হাইকোর্টের ক্ষমতা খর্ব করা যায় না।" রিটে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩(৩) (খ) ও ৩(৪) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালার ১১(৩), ১৯(ঘ) ও ১৯(ঙ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩(৩) (খ) ধারায় বলা হয়েছে, জরুরি ক্ষমতা বিধিমালা বা এর অধীন কোনও আদেশ লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা বা লঙ্ঘনের সহায়তা বা সহায়তার চেষ্টার জন্য শাস্তির ব্যবস্থা, যে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। অধ্যাদেশের ৩(৪) ধারায় বলা হয়েছে, জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩(১) ধারার অধীনে প্রণীত যে কোন বিধিকে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যাবে। জরুরি ক্ষমতা বিধিমালার ১১(৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতি সম্পর্কিত অপরাধের অভিযোগে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও দণ্ডাদেশ হলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এর বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল আদালত আপিল চলাকালীন ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান বা নিু আদালতের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১৯(ঘ) বিধিতে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতাকালে ফৌজদারি কার্যবিধির ধারা ৪৯৭ ও ৪৯৮ বা অন্য কোনও আইনে যাই থাকুক না কেন এই বিধিমালা বা বিধি ১৪ ও ১৫ এ উল্লেখিত কোনও আইনের অধীন কোনও অপরাধ অনুসন্ধান, তদন্ত ও বিচার চলাকালীন কোনও অভিযুক্ত ব্যক্তি কোনও আদালত বা ট্রাইব্যুনালে জামিনের আবেদন করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালার ১৯(ঙ) বিধিতে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতা কালে এই বিধিমালা বা বিধি ১৪ ও ১৫ এ উল্লেখিত কোনও আইনের অধীন অনুসন্ধান, অভিযোগ দায়ের বা প্রাথমিক তথ্য বিবরণী, তদন্ত, বিচার পূর্ববর্তী কার্যক্রম বা বিচার চলাকালীন কোনও আদালত বা ট্রাইব্যুনালের দেওয়া কোনও আদেশকে চূড়ান্ত রায় ছাড়া উচ্চতর কোনও আদালত বা ট্রাইব্যুনালে তর্কিত করে কোনও রকম প্রতিকার দাবি করা যাবে না। রিট আবেদনে বলা হয়েছে, জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৩) (খ) ধারা শাস্তির বিধান সংবিধান পরিপন্থী। এছাড়া জরুরি ক্ষমতা বিধিমালার ১৯(ঘ) আদালতের জামিন দেওয়ার অধিকার খর্ব করেছে। আবেদনে আরও বলা হয়েছে, জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩), ১৯ (ঘ) ও ১৯ (ঙ) বিধি সংবিধান ও জরুরি ক্ষমতা অধ্যাদেশের পরিপন্থী। এছাড়া জরুরি ক্ষমতা অধ্যাদেশের ৩ (৪) ধারা এই অধ্যাদেশের ৩ (১) ধারা পরিপন্থি। কারণ রাষ্ট্র ও জনসাধারণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে ও জন-শৃংখলা বজায় রাখা বা অর্থনৈতিক জীবন সমুন্নত রাখা ও জাতীয় জীবনে বিভিন্ন স্তরে দুর্নীতিমূলক কার্যের দমনের জন্য অধ্যাদেশের ৩(১) ধারায় বিধি প্রণয়নের ক্ষমতা রয়েছে। আগের কোনও অপরাধের বিচার করার জন্য নয়। রিট আবেদনে আরও বলা হয়, এসব অধ্যাদেশ ও বিধিমালা সংবিধান পরিপন্থী। কারণ এতে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে। এছাড়া সংবিধানে বর্ণিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথককরণ তত্ত্বকে এসব বিধান আঘাত করেছে। তাই এসব বিধান বাতিল ঘোষণা করা প্রয়োজন। এর আগে গত বছরের ৯ আগস্ট নাটোরের জনৈক আবদুল কুদ্দুস মণ্ডলের দায়ের করা একটি রিট আবেদনের ওপর শুনানি কালে ব্যারিস্টার রফিক উল হক জরুরি ক্ষমতা বিধিমালার কয়েকটি বিধানের বৈধতার প্রশ্ন তোলেন। কুদ্দুস মণ্ডল একটি চাঁদাবাজির মামলার বৈধতা নিয়ে রিটটি দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২১ আগস্ট জরুরি ক্ষমতা বিধিমালার কয়েকটি বিধিকে কেন সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করেন। হাইকোর্ট তখন জরুরি ক্ষমতা বিধিমালার ১৫ (ক), ১৫ (খ), ১৫ (ঘ) (১), (২), (৩), ও (৪) এবং ১৯ (গ), (ঘ), (ঙ), (চ) ও(ঞ) বিধিকে কেন সংবিধানের ২৭, ৩১ ও ৩৫ অনুচ্ছেদ পরিপন্থী ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছিল। হাইকোর্টের ওই রুলটি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬৪৩ ঘ.