সাতক্ষীরা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদের অন্যতম শীর্ষস্থানীয় নেতা আবু জান্দালকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।
৪১টি আর্জেস গ্রেনেড উদ্ধারের মামলায় রোববার সাতক্ষীরার বিশেষ আদালত-১ এর বিচারক আশীষ রঞ্জন দাস এ দণ্ডাদেশ দেন।
একই মামলায় জান্দালের সহযোগী নজরুল ইসলাম ঘরামীকেও ২০ বছর সাজা দেওয়া হয়েছে।
আদালত কারাদণ্ডের পাশাপাশি দুই জঙ্গিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।
রায়ের সময় সাজাপ্রাপ্ত দুই জনই আদালতে উপস্থিত ছিল।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় হুজি নেতা নড়াইলের মুফতি মঈনউদ্দীন শেখ ওরফে মাসুমবিল্লাহ ওরফে খাজা ওরফে আবু জান্দালকে গ্রেপ্তার করে র্যাব।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চলতি বছরের ১৫ ফেব্র"য়ারি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে হুজি সদস্য নজরুল ঘরামীর বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি খুঁড়ে ৪১টি শক্তিশালী আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়।
গ্রেনেড উদ্ধারের পরদিন র্যাব বাদি হয়ে আবু জান্দাল ও নজরুল ঘরামীকে আসামি করে দেবহাটা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম গত ১৭ মার্চ আবু জান্দাল ও নজরুল ঘরামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত রায় দেয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৭ ঘ.
bdnews24