২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা, তারেক ও কোকোর চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখছে সরকার: কাদের

যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর উন্নত চিকিৎসার বিষয়টি সরকার মানবিক দৃষ্টিতে দেখছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর উন্নত চিকিৎসার বিষয়টি সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির পর অপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়টি সরকার কিভাবে দেখছে এই প্রশ্নের জবাবে গোলাম কাদের বলেন, "খালেদা জিয়ার পক্ষে সরকারের কাছে কেউ প্যারোল বা জামিনের জন্য আবেদন করেছেন কি না তা আমার জানা নেই । তবে বিষয়টি আমরা মানবিক দিক দিয়ে বিবেচনা করছি।" তিনি বলেন,"শুধু খালেদা জিয়া নয়, তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিষয়টিও একই ভাবে বিবেচনা করা হচ্ছে।" হাসিনাকে স্থায়ী জামিন দেওয়া হবে কি না এ প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন,"এ বিষয়ে আমি ভালো বলতে পারবো না। স্থায়ী জামিন সম্পর্কে এ মূহুর্তে বলা মুশকিল, কারণ এর সঙ্গে আইনী প্রক্রিয়া জড়িত রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৩৫৫ ঘ.