২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পে-চ্যানেলের ওপর শুল্ক না বাড়ানোর দাবি

বিদেশি পে-চ্যানেলের ওপর সম্পূরক শুল্ক ১৫ শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন (কোয়াব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিদেশি পে-চ্যানেলের ওপর সম্পূরক শুল্ক ১৫ শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন (কোয়াব)। শনিবার এক সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা বলেছেন, ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে বিদেশি পে-চ্যানেলের ওপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। প্রায় সমাপ্ত চলতি বাজেটে এ হার ছিল ১৫ শতাংশ। নতুন বাজেটে বিদেশি পে-চ্যানেলের ওপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ করা হলে গ্রাহক পর্যায়ে পে-চ্যানেলের ভাড়া ৩০০ থেকে বেড়ে ৫০০ টাকায় দাঁড়াবে বলে জানিয়েছেন কোয়াব নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোয়াব মহাসচিব নিজাব উদ্দীন মাসুদ বলেন, "বিদেশি পে-চ্যানেলের ওপর ৩৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করা হলে গ্রাহক পর্যায়ে ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। কিন্তু বর্তমান বাস্তবতায় গ্রাহকদের পক্ষে বেশি টাকা দেওয়াও সম্ভব নয়। সে পরিস্থিতিতে এ শিল্প খাতটি বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আমরা আশঙ্কা করছি।" কোয়াব নেতারা অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রতাহারের পাশাপাশি পে-চ্যানেল পরিবেশক পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে সরাসরি ক্যাবল অপারেটরদের নির্দিষ্ট অংকে স্ব স্ব হিসাবে ভ্যাট প্রদান করার ব্যবস্থা করারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি এস এম আনোয়ার পারভেজ, যুগ্ম মহাসচিব কাজী বর্ণ, সাংগঠনিক সম্পাদক এ বিএ এম সাইফুল হোসেন সোহেল, কামরুল আলম শামীম, হাসান কামরুল রাকীব প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এআরএইচ/এমএইচবি/২২১৭ ঘ.