ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে শনিবার ভোরে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নয় টুকরা অবস্থায় পাওয়া যায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর লাশটি টুকরা টুকরা করা হয়।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক গৌতম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে প্রতাপ দাস লেনের ৩/বি নম্বর বাসার সামনে ড্রেনের পাশে দুটি শপিং ব্যাগে তরুণীর দেহের পাঁচ খণ্ড উদ্ধার করা হয়। পরে একই এলাকায় মাত্র ৭৫ গজ দূরে ৪৯/৫০ হেমেন্দ্র দাস রোডে ড্রেনের পাশে কাঁথায় মোড়ানো অপর চার খণ্ড উদ্ধার করা হয়।"
খণ্ড অংশগুলো জোড়া লাগিয়ে লাশটি একই তরুণীর বলে নিশ্চিত হওয়া গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, "ধর্ষণের পর আলামত এড়াতে এভাবে টুকরো টুকরো করা হয় বলে আমরা ধারণা করছি।"
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/কিউএইচ/এমএআর/এমআই/১৫২৯ ঘ.
bdnews24