২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ধর্মান্তরিত বোনের নয় মাস বয়সী শিশুকন্যাকে অপহরণের পর হত্যার দায়ে দুই ভাই ও তাদের একজনের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

সাতক্ষীরা, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মান্তরিত বোনের নয় মাস বয়সী শিশুকন্যাকে অপহরণের পর হত্যার দায়ে দুই ভাই ও তাদের একজনের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এই রায় দেন। দণ্ডিতরা হলেন- আশাশুনি উপজেলার মহিষকুড় গ্রামের শচীন মণ্ডল, তার ভাই প্রকাশ মণ্ডল ও স্ত্রী জোসনা মন্ডল। এদের মধ্যে শচীন ও তার স্ত্রী কারাগারে আছেন। প্রকাশ মণ্ডল পলাতক। ২০০১ সালে আসামি শচীন মণ্ডলের বোন শ্রীমতি আনুবালা (১৮) ধর্মান্তরিত হয়ে ফাতেমা খাতুন নাম নেন এবং প্রতিবেশী রফিকুল গাজীর ছেলে ইদ্রীস গাজীকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর ফাতেমার একটি মেয়ে হয়। এর ৯ মাস পর ২০০৩ সালের ২৭ আগষ্ট রাতে আসামিরা ফাতেমার মেয়ে হীরামনিকে অপহরণ করে। ঘটনার চারদিন পর আসামিদের বাড়ির পাশের পুকুর থেকে হীরামনির লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ইদ্রীস গাজী ওই বছর ৩ সেপ্টেম্বর আশাশুনি থানায় শচীন মণ্ডলসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম শচীন, প্রকাশ ও জোসনার বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এ বি এম সেলিম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম হায়দার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২২৬ ঘ.