রাঙামাটি, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লংগদু উপজেলার ভাংগীছড়া এলাকা থেকে বুধবার অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনা সদস্যরা।
আটককৃতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে দাবি করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- সোনার সাথী চাকমা ওরফে পরেশ (২৭), বড়পেদা চাকমা (১৬) ও মিথুন দেওয়ান ওরফে লিখন (২১)। তাদের সেনা ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী সাংবাদিকদের ডেকে নিয়ে এ তথ্য জানান। এ সময় আটককৃতদেরও উপস্থিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তারা বলেন, লংগদু উপজেলার বড় কাট্টতলীর ভেংগীছড়া এলাকা থেকে এ তিনজন আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, তিনটি কার্তুজ, একটি কিরিচ, তিনটি ছুরি, একটি নানচাকু, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ছয়টি নোটবই, চারটি সীলমোহর, তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।
তারা জানান, লংগদু উপজেলার বড় কাট্টতলীর ভাংগীছড়া এলাকায় গভীর অরণ্যে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্র"প আস্তানা তৈরি করে অবস্থান করছে- গোপনে এ খবর জানতে পেরে সেনা সদস্যরা গত মঙ্গলবার রাতে তিনটি দলে বিভক্ত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে এবং পর দিন বুধবার ভোরে অভিযান চালায়।
এ সময় সেনা সদস্যরা আস্তানা থেকে ওই তিনজনকে আটকসহ অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২১২ ঘ.
bdnews24