ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদেশ যাত্রার আগ মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলকে ঐক্যবদ্ধ রাখার নির্দেশ দিয়ে গেছেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
বুধবার মুক্তি পাওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ৮টা ২৭ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে এ কথা বলে যান।
বিদেশযাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী।
বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহবুব ও আবু নোমান সজীব।
হাসিনাকে বিদায় জানিয়ে বিমান বন্দর থেকে বের হওয়ার সময় জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা দলকে ঐক্যবদ্ধ রাখার নির্দেশ দিয়ে গেছেন।
তিনি বলেন, "নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোন সিদ্ধান্ত হয়নি।"
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা তার মুক্তির দাবি জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেজন্য সবার দোয়া চেয়েছেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তার অনুপস্থিতিতে আমরা যেভাবে সংগঠনের কাজ পরিচালনা করেছি সেভাবেই তা পরিচালনার নির্দেশ দিয়েছেন।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনা চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন। সুস্থ হয়ে অচিরেই দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ।"
সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
সৈয়দ আশরাফ জানান, তারা (দলীয় নেতৃবৃন্দ) শেখ হাসিনাকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হয়ে চিকিৎসার বিষয়ে গুরুত্ব দেয়ার অনুরোধ করেছেন।
তিনি বলেন, "যদি কোন দরকার হয় তবে শেখ হাসিনা টেলিফোনে আমাদের জানাবেন।"
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, "কোন শর্তের মাধ্যমে শেখ হাসিনা মুক্ত হননি। আমার কাছে কাগজ আছে। দরকার হলে আপনারা দেখে যেতে পারেন।"
আরেক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, "আমাদের কারো সঙ্গে কোন সমঝোতা হয়নি।"
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা চাই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক। সবার আগে জাতীয় নির্বাচন হোক। দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আওয়ামী লীগ এই নির্বাচন অংশ নেবে।"
কথা শেষ হলে সাংবাদিকরা জানতে চান শেখ হাসিনা কী বলেছেন--তখন তিনি বলেন, "আমি এতক্ষণ যা বললাম। এগুলো ওনার কথা এবং আওয়ামী লীগের কথা।"
এর আগে হাসিনার বিদেশ যাওয়া উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকে মিরপুর রোড থেকে বিমান বন্দর সড়ক পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সুধাসদন থেকে রাস্তার দু'পাশে ছিল পুলিশ ও কয়েকটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিমান বন্দর এলাকায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা নেওয়া হয়। যাত্রী ছাড়া কাউকে বিমান বন্দরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সাংবাদিকরা বিমান বন্দরের বাইরে অপেক্ষা করেন।
দলীয় সভানেত্রীকে বিদায় জানানোর জন্য সকাল ছয়টা থেকে আওয়ামী লীগ নেতারা বিমান বন্দরে আসতে থাকেন। বিমান বন্দরে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত ও মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আবদুল মান্নান প্রমুখ।
আওয়ামী লীগের হাজার খানিক নেতাকর্মী সকালে জিয়া আন্তর্জাতিক বন্দরের সামনে জড়ো হলেও পুলিশ তাদের হটিয়ে দেয়।
সকাল প্রায় পৌণে সাতটায় কলাপাতা রংয়ের জর্জেট শাড়ি পরে সুধা সদনের বাস ভবন থেকে নিজ গাড়িতে চড়ে সাবেক প্রধানমন্ত্রী বিমানবন্দরের পথে রওয়ানা দেন। কঠোর নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের গাড়িসহ প্রায় ৩০ টির বেশি গাড়ি নিয়ে নিজ ভবন ত্যাগ করেন তিনি।
মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী ফ্লাইওভার পার হয়ে সকাল সাতটা ১০ মিনিটের দিকে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান হাসিনা। অভিবাসনের প্রয়োজনীয় কাজ শেষে সকাল ৮টা ২৭ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-১৪৪ বিমানে করে তিনি ঢাকা ত্যাগ করেন।
এদিকে সুধা সদনের সামনেও ভোর থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সুুধা সদনের সামনে জড়ো হয়। 'জেলের তালা ভেঙেছি, শেখ হাসিনাকে এনেছি' বলে স্লোগান দিতে থাকে।
সুধা সদন থেকে বের হওয়ার আগে হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "নেত্রী প্যারোলে মুক্তি পাননি। নেত্রী নিঃশর্ত মুক্তি পেয়েছেন। মিডিয়ায় প্রকাশিত প্যারোলে মুক্তি পাওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি আট সপ্তাহের জন্য চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন।"
তিনি জানান, যুক্তরাষ্ট্র যাওয়ার পথে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে চার ঘণ্টা বিরতি নেবেন শেখ হাসিনা। ওখানে তার বোন শেখ রেহেনা ও তার মেয়ের সঙ্গে দেখা করবেন। যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথমে ছেলে জয়ের বাসায় উঠবেন তিনি।
বুধবার দুপুরে সরকার এক নির্বাহী আদেশে শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয়।
গত বছরের ১৬ জুলাই সুধা সদনের বাস ভবন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/এম এআর/জিএনএ/০৯১১ ঘ.
bdnews24