২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উপকূলীয় সড়ক নির্মাণের সমীক্ষা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামে উপকূল বরারর দুটি সড়ক নির্মাণের সমীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সমীক্ষা ও চূড়ান্ত নকশা তৈরির কাজ নভেম্বরের মধ্যে শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে উপকূল বরারর দুটি সড়ক নির্মাণের সমীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সমীক্ষা ও চূড়ান্ত নকশা তৈরির কাজ নভেম্বরের মধ্যে শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করা যাবে। সড়ক দুটি হল- পতেঙ্গা থেকে ভাটিয়ারি পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ 'উপকূলীয় সড়ক' এবং সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ 'কর্ণফুলী রিভার রোড'। এ দুটি সড়ক নির্মাণে ব্যয় হবে দশ হাজার কোটি টাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তত্ত্বাবধানে এ প্রকল্পে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) অর্থ সহায়তা দিচ্ছে। চউকের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমীক্ষার জন্য বুধবার ৭ জন জাপানি প্রকৌশলীসহ ১৪ জন বিশেষজ্ঞ চট্টগ্রাম পৌঁছেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশী প্রকৌশলীও রয়েছেন। তিনি বলেন, "প্রকল্পের সমীক্ষার জন্য গত ২০ মার্চ বাংলাদেশ সরকার ও জেবিআইসি'র মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। জাপানের নিপ্পন ইঞ্জিনিয়ারিং ও জাপান ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম যৌথভাবে এ প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেয়েছে।" আখতার উদ্দিন জানান, বিশেষজ্ঞ দলটি আগামী ছয় মাসের মধ্যে সড়ক দুটির নকশা প্রণয়ন, দরপত্রের কাগজপত্র তৈরিসহ প্রকল্পটির সার্বিক সমীক্ষা চালাবে। সমীক্ষা শেষে আগামী অক্টোবরের শেষ নাগাদ চূড়ান্ত প্রতিবেদন দেবে। নভেম্বরের মধ্যে নকশা চূড়ান্ত হলে আগামী বছরের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করা যাবে। তিনি আরও জানান, প্রকল্প পরিকল্পনা অনুযায়ী পতেঙ্গা থেকে ভাটিয়ারী পর্যন্ত উপকূলীয় সড়কটি নির্মাণের আগে পতেঙ্গা বেড়িবাঁধকে ২৫ ফুট থেকে ৩৫ ফুট উঁচু করা হবে। তাছাড়া, সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত রিভার রোড প্রকল্পের পাশে একটি 'থিম পার্ক' এবং আরও কয়েকটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ দুটি সড়ক নির্মিত হলে নগরীর যানজট সমস্যার অনেকটা সুরাহা হবে বলে চউক চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/২১২৩ ঘ.