২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়ে সন্দিহান ব্র্যাকের প্রধান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান নিয়ে সন্দিহান বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান ফজলে হাসান আবেদ। ঢাকা শেরাটন হোটেলে বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, "স্নাতকোত্তর ডিগ্রিধারী সরকারি প্রাথমিক শিক্ষকদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়ার সামর্থ্য ব্র্যাকের রয়েছে। উচ্চতর ডিগ্রিই সবসময় ভালো শিক্ষক তৈরি করে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান নিয়ে সন্দিহান বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান ফজলে হাসান আবেদ। ঢাকা শেরাটন হোটেলে বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, "স্নাতকোত্তর ডিগ্রিধারী সরকারি প্রাথমিক শিক্ষকদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়ার সামর্থ্য ব্র্যাকের রয়েছে। উচ্চতর ডিগ্রিই সবসময় ভালো শিক্ষক তৈরি করে না।" তিনি দাবি করেন, গুণগত বিচারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানের চেয়ে ব্র্যাকের বিদ্যালয়ের মান বেশ উন্নত। প্রাথমিক বিদ্যালয়ে অতীতে রাজনৈতিক সরকারগুলো অনেক 'অযোগ্য শিক্ষক' নিয়োগ দিয়েছে অভিযোগ করে ব্র্যাকের প্রধান বলেন, "বিগত বিএনপি ও আওয়ামী লীগ সরকার তাদের সময়ে অর্থের বিনিময়ে অনেক অযোগ্য ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ক্ষতি করেছে। এখন অযোগ্য অনেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতায় নিয়োজিত।" দেশের ২০টি উপজেলায় ব্র্যাকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, "স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউই ভালো শিক্ষক হবেন- এমন ধারণা ঠিক নয়। ভালো শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বিষয়।" সরকারি প্রাথমিক শিক্ষকদের তিনটি সংগঠন সরকারি এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের বক্তব্য ব্র্যাক তাদের নিজেদের স্কুলগুলোতেই শিক্ষার মান নিশ্চিত করতে পারছে না। ব্র্যাকের উপ-আনুষ্ঠানিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সনদকে বিবেচনা করা হয়ে থাকে। শিক্ষকদের সংগঠনগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করতে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করে ফজলে হাসান আবেদ বলেন, "বৈঠকের জন্য তাদের (সংগঠনগুলোকে) আমন্ত্রণ জানানো হবে। আমি মনে করি, আমরা সমস্যার সমাধান খুঁজে পাব।" বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হিসেবে পরিচিত 'ব্র্যাক' প্রায় সাড়ে ৩৭ হাজার উপ আনুষ্ঠানিক বিদ্যালয় পরিচালনা করছে। সেখানে শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ। আট বছরের বেশি যেসব শিশু স্কুলে যায় না, তাদের জন্য ব্র্যাক চার বছরের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। ফজলে হাসান বলেন, "সরকার আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা বা সরকারি স্কুলগুলো চালানোর দায়িত্ব দেয়নি। আমরা নিশ্চিত করে জানাতে চাই সরকারি বিদ্যালয়গুলোর প্রশাসন বা ব্যবস্থাপনায় ব্র্যাক কোনো হস্তক্ষেপ করবে না। সরকার আমাদের শুধু প্রাথমিক শিক্ষকদের মান উন্নয়নের দায়িত্ব দিয়েছে।" সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন এ মোস্তাক আর চৌধুরী, ব্র্যাক পরিচালক (শিক্ষা) শফিকুল ইসলাম ও উপ নির্বাহী পরিচালক আমিনুল আলম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এএল/এসএনডি/এমএইচবি/২১২১ ঘ.