২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহে চুক্তি সই

৪৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি'র (ইউএনডিপি) সঙ্গে বুধবার একটি প্রকল্প দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৪৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি'র (ইউএনডিপি) সঙ্গে বুধবার একটি প্রকল্প দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বচ্ছ (ট্রান্সলুসেন্ট) ব্যালট বাক্স সংগ্রহের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সকালে শেরেবাংলা নগরে এনইসি ভবনে 'ট্রান্সলুসেন্ট ব্যালট বাক্সেস' শীর্ষক এই প্রকল্প দলিল স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএনডিপি'র মাধ্যমে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) এ অনুদান দেবে। নির্বাচন কমিশন ২০০৯ এর এপ্রিল পর্যন্ত এ প্রকল্প পরিচালনা করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি ল্যারি ম্যারামিস, নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব রফিকুল ইসলামসহ সংস্থার প্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের শেষভাগে ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশন আগামী নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের নির্বাচনে ৩৩ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৫১টি ভোটকক্ষে নির্বাচনের আয়োজন করা হয়েছিল। ব্যবহৃত হয়েছিল ২ লাখ ১১ হাজার ৩৬৯টি ব্যালট বাক্স। আর কমিশনের হিসাব অনুযায়ী, চলতি বছরের মধ্যে সারাদেশে আনুমানিক ৯ কোটি ভোটার নিবন্ধিত হওয়ার কথা। সেই হিসাবে প্রায় ২ লাখ ৪০ হাজার ব্যালট বাক্সের প্রয়োজন হবে বলে ধারণা করছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১০০ ঘ.