ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত কারণে প্রায় এক মাসের বিদেশ সফর শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন।
কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল জানিয়েছেন, হাসান মশহুদ আগামী রোববার থেকে অফিস করবেন।
হানিফ ইকবাল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারম্যান মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। ১৪ জুন পর্যন্ত ছুটিতে রয়েছেন বলে তিনি আজ অফিস করেননি। রোববার থেকে অফিস করবেন।"
গত ১৯ মে এক মাসের ব্যক্তিগত সফরে স্ত্রীসহ বিদেশে যান হাসান মশহুদ। এ সময়ের মধ্যে তিনি অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কমিশনার হাবিবুর রহমান।
হাসান মশহুদ বিদেশে যাওয়ার পর দু'একটি পত্রিকায় তার পদত্যাগের খবর প্রকাশিত হলে কমিশনের পক্ষ থেকে জানানো হয় ওই খবর ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/এমএইচবি/১৯১৭ ঘ.
bdnews24